রকি আলিয়ান : ব্যবসায় সাফল্য, সেবায় মানবিকতা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:২৯ , অনলাইন ভার্সন
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ রকি আলিয়ান। ব্যবসায়ী, পাইলট, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব—বহুমুখী পরিচয়ে তিনি গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র অবস্থান। স্টার ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি হিসেবেও তিনি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
সম্প্রতি ঠিকানার সঙ্গে এক সাক্ষাৎকারে রকি আলিয়ান তুলে ধরেন তার ব্যবসায়িক পথচলা, সাফল্যের দর্শন, সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত আগ্রহের কথা।
স্টার ফার্নিচারের যাত্রা শুরু করেন তার বড় ভাই দুলাল হোসেন মাল। ২০১৬ সালে তিনি দেশে ফিরে যাওয়ার সময় ব্যবসার দায়িত্ব রকি আলিয়ানের হাতে তুলে দেন। বর্তমানে নিউইয়র্কের পার্কচেস্টার, নর্থ ব্রঙ্কস, ওজন পার্ক, রিচমন্ড হিল ও জ্যাকসন হাইটসে পাঁচটি এবং বাংলাদেশের শরীয়তপুরে একটি—মোট ছয়টি শোরুম রয়েছে। ব্যবসায়িক অংশীদার হিসেবে রয়েছেন সাবরিনা খান ও আইরিন সাদিয়া।
রকি আলিয়ান বলেন, ব্যবসায় শুধু মুনাফা অর্জনই তাদের লক্ষ্য নয়, ক্রেতার সন্তুষ্টি ও আস্থা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। পণ্য বিক্রির পরও তারা ক্রেতাদের সেবা দিয়ে থাকেন। তার মতে, একজন সন্তুষ্ট ক্রেতাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রচারক।
প্রতিষ্ঠানের কর্মীদেরও তিনি ব্যবসার প্রাণ মনে করেন। তার ভাষায়, কর্মীদের ভালো পরিবেশ, উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করলে তারাই প্রতিষ্ঠানকে এগিয়ে নেন।
স্টার ফার্নিচারে বিভিন্ন ধরনের আসবাবপত্র কেনার পাশাপাশি কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। পণ্যে ওয়ারেন্টি ও গ্যারান্টির ব্যবস্থাও রয়েছে। ক্রেতারা ফোন করে পণ্যের লিংক সংগ্রহ করতে পারবেন এবং অনলাইন কিংবা শোরুমে গিয়ে অর্ডার দিতে পারবেন। ভবিষ্যতে আরও শোরুম চালুর পরিকল্পনাও রয়েছে তার।
রকি আলিয়ানের আরেকটি পরিচয় তিনি একজন পাইলট। ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসার পর পড়াশোনা করেন এবং সিটিটেক থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ভন কলেজে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। কিছুদিন উড়োজাহাজ চালালেও তিনি কমার্শিয়াল পাইলটের লাইসেন্স নেননি। এখনো শখের বশে মাঝে মাঝে উড়োজাহাজ চালান।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি হিসেবে তিনি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তার মতে, শুধু নিজের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত থাকলেই দায়িত্ব শেষ হয় না। মানুষের কল্যাণে নিজের সময় ও সামর্থ্যরে একটি অংশ ব্যয় করা উচিত।
সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে তার আগ্রহ। প্রতিবছর তিনি ঈদ পুনর্মিলনী নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থাপনার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
ফার্নিচার ব্যবসার পাশাপাশি রকি আলিয়ান রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও যুক্ত। তার প্রতিষ্ঠান ড্রিম রিয়েল এস্টেট করপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনকের মাধ্যমে বাড়ি কেনাবেচা এবং ক্রেতাদের বাড়ি কিনতে সহযোগিতা করা হয়। তার পরিকল্পনা, বাড়ি কেনার পর একই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেতাদের ঘর সাজানোর আসবাবপত্রের ব্যবস্থাও করে দেওয়া।
২০১৪ সালে শাহানা সুলতানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রকি আলিয়ান। তাদের দুই সন্তান আয়াত ও আয়ান। পরিবার নিয়ে লং আইল্যান্ডে বসবাস করছেন তিনি।
ব্যবসায়িক উদ্যোগ, পাইলট হওয়ার শখ, সামাজিক দায়িত্ববোধ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড—সব মিলিয়ে রকি আলিয়ানের জীবনযাত্রা বহুমাত্রিক। তার মতে, ব্যবসায় দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি সততা, ক্রেতার আস্থা, কর্মীদের প্রতি সম্মান এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক। নিজের কাজের মধ্য দিয়েই স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান তিনি।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]