ফের ভুল পথে আওয়ামী লীগ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৪:১৫ , অনলাইন ভার্সন
সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ প্রমাণ করতে দেশি-বিদেশি কোনো মহলের  ইন্ধনে  ফের ভুল পথে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা ও সহিংসতা ছড়ানো হচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক ও সুশীল সমাজে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে সহিংসতা এবং গোপালগঞ্জে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এ সন্দেহ আরও জোরালো হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব তৎপরতার লক্ষ্য জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে ‘আগের শাসনামলই ভালো ছিল’—এমন ধারণা প্রতিষ্ঠা করা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার চেষ্টা দলটিকে আরও সংকটে ফেলতে পারে। কারণ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড, গুম ও দমন-পীড়নের অভিযোগের বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো দৃশ্যমান দায় স্বীকার বা অনুশোচনা প্রকাশ করা হয়নি। বরং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষিত সময় ডিসেম্বরকে সামনে রেখে দলটির নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতা দেখা যাচ্ছে।
সরকারকে পরিস্থিতি মোকাবিলায় দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কঠোর ব্যবস্থা নিতে গিয়ে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার ঝুঁকি রয়েছে। আবার যথাযথ পদক্ষেপ না নিলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশ্লেষকদের মতে, আইন মেনে কঠোরতা এবং রাজনৈতিক সংলাপের সমন্বয় জরুরি।
সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করার চেষ্টা শুরু থেকেই রয়েছে। তার মতে, রাষ্ট্র সংস্কার ও সাংবিধানিক পরিবর্তনের প্রত্যাশা পূরণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগের সহিংস তৎপরতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্য, প্রশাসনে যোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি।
সাবেক আইজিপি নুরুল হুদার মতে, অস্থিরতা মোকাবিলায় আলোচনা ও আইনের আওতায় প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ—দুটিই নিতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও নাশকতার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা তদন্তের পাশাপাশি প্রশাসনের ভেতরে কারও সংশ্লিষ্টতা থাকলে শনাক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী দেশের মদদে আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সহিংসতার মাধ্যমে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা সফল হবে না। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
আওয়ামী লীগের সাবেক শাসনামলের ভুল ও অপরাধের দায় স্বীকার না করে সহিংস কর্মসূচিতে জড়ানোর সমালোচনা করেছেন বিভিন্ন দলের নেতারা। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে, দায় স্বীকার ছাড়া জাতীয় পুনর্মিলনের সুযোগ তৈরি হয় না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলো সাধারণত নিজেদের ভুল স্বীকার করতে চায় না। বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত নেতা এএইচএম হামিদুর রহমান আযাদ এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও মনে করেন, আত্মসমালোচনা, অতীতের কর্মকাণ্ডের দায় স্বীকার ও রাজনৈতিক কৌশল পরিবর্তন ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না। তাদের বক্তব্য, সহিংসতা ও নাশকতা রাজনৈতিক সংকট আরও বাড়াবে। সাম্প্রতিক অস্থিরতার পেছনে কারা রয়েছে, দেশি-বিদেশি কোনো চক্র বা প্রশাসনের কারও সংশ্লিষ্টতা আছে কি না এবং এর রাজনৈতিক উদ্দেশ্য কী—তা নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। বিশ্লেষকদের মতে, ফের ভুল পথে পা দিয়েছে আওয়ামী লীগ। তাদের মতে, সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]