পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৯ , অনলাইন ভার্সন
প্রথমবারের মতো সাফের ফাইনালে এসেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে প্রথমার্ধে দাপট দেখিয়ে এগিয়েও গেল তারা। কিন্তু নাটকীয়তার অনেককিছু বাকি ছিল তখনো। দ্বিতীয়ার্ধে বদলে গেলে ম্যাচের চিত্র। লালকার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়া পাকিস্তানকে চেপে ধরে প্রত্যাবর্তনের গল্প লিখে টানা তৃতীয়বার সাফের শিরোপা ঘরে তুলল ভারত। ১৭ নভেম্বর (মঙ্গলবার) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথম মিনিটেই পাকিস্তানের ব্যাকপাস থেকে বল পেয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন ভারতের সুহাইল ভাট।

তবে শুরুর সেই চাপ সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নেয় প্রথমবারের মতো ফাইনাল খেলা পাকিস্তান। দুই উইং ব্যবহার করে ভারতীয় রক্ষণভাগে একের পর এক ভীতি ছড়াতে থাকে তাদের ফরোয়ার্ডরা। তবে গোল পাওয়া হচ্ছিল না।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হওয়ার পথে ছিল। তবে ঠিক যোগ করা সময়ের প্রথম মিনিটে ভারতকে স্তব্ধ করে এগিয়ে যায় পাকিস্তান। জুনায়েদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে বক্সে পেয়ে যান আলমগীর গাজী। নিখুঁত বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে পাকিস্তানকে ১-০ গোলে এগিয়ে নিয়ে বিরতিতে যান তিনি।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়াতে মরিয়া হয়ে ওঠে ভারত। ম্যাচের ৫৬তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় মোড় ঘুরে যায়। প্রথম গোলের জোগানদাতা পাকিস্তানের জুনায়েদ শাহ ভারতীয় মিডফিল্ডার ব্রিসন ফার্নান্দেসকে বাজেভাবে ফাউল করে বসেন।

দীর্ঘক্ষণ ভিএআর মনিটরে যাচাই করে ৫৯তম মিনিটে জুনায়েদকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান।

প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিতে বিন্দুমাত্র দেরি করেনি ভারত। ম্যাচের ৬০তম মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে ডি-বক্সে জটলার মধ্যে আলগা বল পেয়ে যান সুহাইল ভাট। নিখুঁত শটে জাল কাঁপিয়ে ভারতকে ১-১ সমতায় ফেরান এই ফরোয়ার্ড। গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন তিনি।

একজন কম নিয়ে খেলা পাকিস্তানের রক্ষণে এরপর একের পর এক আক্রমণ শানাতে থাকে ভারত। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৮৭তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ভারত।

বদলি নামা আবদুল রাবিহর নেওয়া কর্নার কিক থেকে ডি-বক্সের জটলার ভেতর দারুণ এক হেড করেন ডিফেন্ডার সন্দীপ মান্ডি। বল মাটিতে ড্রপ খেয়ে সরাসরি পোস্টের ওপরের কোণা দিয়ে জালে আশ্রয় নেয়।

শেষদিকে কয়েকটি পরিবর্তন অলঅ্যাটাক ফুটবল খেলে পাকিস্তান। কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু সেগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি। এরপর রেফারি শেষ বাঁশি বাজাতেই শিরোপা উদযাপনে মেতে ওঠে ভারত। এটি তাদের সাফের দশম শিরোপা।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]