পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৯ , অনলাইন ভার্সন
শারীরিক অসুস্থতা ও চিকিৎসাধীন থাকার কারণ দেখিয়ে জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্রটি পাঠান এবং ১৫ নভেম্বর সেটি তার হাতে পৌঁছায়।

পদত্যাগপত্রে ওসমান ফারুক লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ অবস্থায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।

স্পিকারকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়। তার এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা ও কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ওসমান ফারুক পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও রাজনৈতিক অঙ্গনে ভিন্ন আলোচনা রয়েছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, সরকার গঠনের পর মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে একধরনের অসন্তোষ ছিল। মূলত সেই অভিমান বা অসন্তোষ থেকেই তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দিয়ে থাকতে পারেন।

পেশায় কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং পরবর্তীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যুক্ত হন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে বিজয়ী হয়ে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]