এনওয়াইপিডির স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বিলুপ্ত ঘোষণা মেয়র মামদানির

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বহুল আলোচিত স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি ও পুলিশ কমিশনার জেসিকা টিশ। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমকে সম্পূর্ণ আলাদা করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ নভেম্বর সোমবার সিটি হল থেকে দেওয়া এক ঘোষণায় বলা হয়, বিক্ষোভ মোকাবিলায় পুলিশের প্রচলিত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় সংলাপ, যোগাযোগ, উত্তেজনা প্রশমন এবং নাগরিক পর্যায়ের সমন্বয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে নিউইয়র্কবাসীর সংবিধানপ্রদত্ত শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার সুরক্ষিত রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনায় মেয়র অফিস অব কমিউনিটি সেফটির অধীনে গঠন করা হচ্ছে একটি বেসামরিক নেতৃত্বাধীন বিভাগ-কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এসকেলেশন ডিভিশন (সিডিডিডি)। পাশাপাশি এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে গঠন করা হবে ৩০ সদস্যের বিশেষ সংলাপ দল ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সাপোর্ট টিম’ (ফাস্ট)। এই দুটি দল সমন্বয়ের মাধ্যমে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আগে প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচি চলাকালে পরিস্থিতি মোকাবিলা করবে।

নতুন সিডিডিডি বিভাগে কোনো অস্ত্র থাকবে না এবং তাদের কাউকে গ্রেপ্তারের ক্ষমতাও দেওয়া হবে না। অন্যদিকে ফাস্ট টিমের ৩০ জন ইউনিফর্মধারী পুলিশ কর্মকর্তা যোগাযোগ, আলোচনা ও উত্তেজনা প্রশমনের বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হবেন।

এ ছাড়া এনওয়াইপিডির প্যাট্রোল সার্ভিসেস ব্যুরোর অধীনে গঠন করা হবে নতুন প্যাট্রোল সাপোর্ট ডিভিশন (পিএসডি)। যাচাই-বাছাই করে নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই ইউনিট তৈরি হবে। তারা অধিকাংশ সময় নিয়মিত টহলসংক্রান্ত দায়িত্ব পালন করবেন। তবে বিক্ষোভ বা বড় সমাবেশের সময় বিশেষ প্রশিক্ষণের ভিত্তিতে জনসমাগম নিয়ন্ত্রণে সহায়তা করবেন। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে গ্রেপ্তারের দায়িত্বও পালন করতে পারবেন।

কেটলিং, টিয়ার গ্যাস ও লংগান ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। নতুন সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের আক্রমণাত্মক কৌশল ও অস্ত্র ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ।

নতুন নীতিমালা অনুযায়ী, বিক্ষোভকারীদের চারদিক থেকে ঘিরে আটকে রাখার বিতর্কিত ‘কেটলিং’ পদ্ধতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কার্যক্রমের সময় লংগান বা দীর্ঘ নলবিশিষ্ট আগ্নেয়াস্ত্র এবং টিয়ার গ্যাস ব্যবহার নিষিদ্ধ থাকবে।

মরিচের গুঁড়ার স্প্রে বা পিপার স্প্রে সাধারণ জনসমাগম নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। দূরপাল্লার শব্দ উৎপাদনকারী যন্ত্রের শব্দসীমা সর্বোচ্চ ৯০ ডেসিবেলে সীমিত করা হয়েছে। এ ছাড়া পুলিশ কর্মকর্তারা সাইকেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না। তবে নিজেদের বা অন্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা শারীরিক আঘাত প্রতিরোধের জন্য প্রয়োজন হলে এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম থাকবে।

সন্ত্রাসবিরোধী দায়িত্ব যাবে ইন্টেলিজেন্স ব্যুরোর অধীনে থাকবে। এসআরজির সন্ত্রাসবিরোধী কার্যক্রম নতুন কাঠামোয় এনওয়াইপিডির ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টারটেররিজম ব্যুরোর অধীনে একীভূত করা হবে। গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় ভারী অস্ত্র মোতায়েনসহ সংশ্লিষ্ট দায়িত্ব এই ব্যুরো পরিচালনা করবে। এর ফলে সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলা এবং নাগরিকদের প্রতিবাদ-বিক্ষোভ নিয়ন্ত্রণ—দুটি কার্যক্রম সম্পূর্ণ আলাদা কাঠামোর অধীনে পরিচালিত হবে।

মেয়র মামদানি বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি নিউইয়র্কবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বিলুপ্ত করবেন এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম থেকে বিক্ষোভ মোকাবিলার দায়িত্ব আলাদা করবেন। সোমবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগ করে যারা প্রতিবাদ করবেন, তাদের সঙ্গে সন্ত্রাসী হুমকি মোকাবিলার মতো একই ধরনের পুলিশি আচরণ করা উচিত নয়। নতুন বেসামরিক নেতৃত্বাধীন ব্যবস্থায় আলোচনা, পারস্পরিক যোগাযোগ ও উত্তেজনা প্রশমনকে অগ্রাধিকার দেওয়া হবে।

মামদানি আরও বলেন, সিটি কাউন্সিল সদস্য চি ওসের প্রস্তাবিত ‘কার্ব অ্যাক্ট’ -এ যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে, নতুন সংস্কারের মাধ্যমে তার মূল বিষয়গুলো বাস্তবায়িত হচ্ছে। নাগরিক অধিকার রক্ষা এবং কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা পরস্পরের পরিপূরক।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা এস টিশ বলেন, নতুন কাঠামোর মাধ্যমে সন্ত্রাসবিরোধী সক্ষমতা একীভূত করা, নিয়মিত টহলরত পুলিশ কর্মকর্তাদের আরও সহায়তা দেওয়া এবং জননিরাপত্তা ও সংবিধানের প্রথম সংশোধনীর আলোকে বিক্ষোভ মোকাবিলা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পুলিশ বিভাগ কীভাবে কাজ করছে, তা নিয়মিত পর্যালোচনা করা এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করা জরুরি। তবে এমন কোনো পরিবর্তন তিনি সমর্থন করবেন না, যা নিউইয়র্কবাসীকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা কমিয়ে দেয় কিংবা গুরুতর হুমকি মোকাবিলায় কর্মকর্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা থেকে বঞ্চিত করে। তার মতে, নতুন পরিবর্তনগুলো এনওয়াইপিডিকে আরও শক্তিশালী ও কার্যকর বিভাগে পরিণত করবে।

নতুন প্যাট্রোল ইউনিটের দায়িত্ব হলো -নতুন প্যাট্রোল সাপোর্ট ডিভিশন শুধু বিক্ষোভ নিয়ন্ত্রণের কাজে সীমাবদ্ধ থাকবে না। বছরের অধিকাংশ সময় তারা নিয়মিত পুলিশি দায়িত্ব পালন করবে। এই ইউনিটের কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অংশ নেবেন, নিউইয়র্ক সিটি ম্যারাথন ও থ্যাংকসগিভিং ডে প্যারেডের মতো বড় আয়োজনের নিরাপত্তায় সহায়তা করবেন এবং প্রতিকূল আবহাওয়ায় গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।

এই ইউনিটে যোগদানের জন্য কঠোর যোগ্যতার শর্ত থাকবে। বিক্ষোভ মোকাবিলার সময় তারা সিডিডিডি ও ফাস্ট টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। এ ক্ষেত্রে আগে থেকে সম্মত হওয়া ‘পেইন’ বিক্ষোভ-সংক্রান্ত সমঝোতার সংস্কারগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

অতিরিক্ত ব্যয় ছাড়াই বাস্তবায়ন হবে। মেয়র অফিস জানিয়েছে, নতুন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হবে না। একই সঙ্গে এনওয়াইপিডির মোট জনবল বাড়ানো বা কমানোর কোনো পরিকল্পনাও নেই। বিদ্যমান জনবল ও সম্পদ পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন ইউনিটগুলো পরিচালিত হবে।

মামদানি প্রশাসন গত মার্চে প্রথমবারের মতো মেয়র অফিস অব কমিউনিটি সেফটি প্রতিষ্ঠা করে। সহিংসতা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় এবং অপরাধের মূল কারণ চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে এই দপ্তর গঠন করা হয়।

অক্টোবরে মেয়র এনওয়াইপিডির বলপ্রয়োগ নীতিমালা নিয়ে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম সমন্বিত পর্যালোচনার নির্দেশ দেন। একই সময়ে পুলিশি জবাবদিহি বাড়াতে সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ডে নতুন নেতৃত্ব নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া সাইকেল চালকদের ছোটখাটো ট্রাফিক অপরাধের জন্য ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার নীতিও বাতিল করে প্রশাসন।

নতুন এই সংস্কারের মাধ্যমে মামদানি প্রশাসন নিউইয়র্কের জননিরাপত্তা ব্যবস্থায় একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চায়। যেখানে অপরাধ ও সন্ত্রাসী হুমকি মোকাবিলায় পুলিশের সক্ষমতা বজায় রাখার পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারও সমান গুরুত্ব পাবে।

ঠিকানা/এসআর

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]