বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৫ , অনলাইন ভার্সন
বাংলাদেশের মানুষকে পানিতে মারার জন্য ভারত একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ১৬ নভেম্বর (সোমবার) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে এমন মন্তব্য করেন তিনি। মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সকল অভিন্ন নদীর প্রবাহের অধিকার আদায়ের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

নিজ বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি বলেন, পানির ন্যায্য পাওনা নিয়ে তারা (ভারত) কখনোই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিষয়টি আজকের না; ব্রিটিশ আমল থেকেই লড়াই চলছে। যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, যাদের প্রেমে গদগদ সেই আওয়ামী লীগকেও পানির বিষয়ে কোন ছাড় দেয়নি ভারত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পানির ন্যায্য হিস্যার যে লড়াই, সেটা এখনো থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের কান্না নয়, পশ্চিমবঙ্গেরও কান্না হয়ে আছে। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলো, টনক নড়লো না। ফলে আন্দোলন আরও জোরদার করতে হবে।

রিজভী আরও বলেন, ভারতের প্রতিটা চুক্তিতে প্রতারণা দেখছি। জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ থাকতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখবেন বলে ন্যাচারাল প্রবাহকে বাঁধা দিলে নদী বিপন্ন হবে। সেক্ষেত্রে আমাদের প্রেরণার জায়গা মওলানা ভাসানী। মওলানা ভাসানীকে উদ্ধৃত করে কবি ইকবাল বলেছেন, ‘যে খেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে খেত পুড়িয়ে দাও।’

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]