দেশজুড়ে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি

নাশকতার নেপথ্যে আ.লীগের ২৩ নেতা, ৪ মাস্টারমাইন্ড চিহ্নিত

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ , অনলাইন ভার্সন
দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যে থাকা চার মাস্টারমাইন্ডসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জন শীর্ষ ও মধ্যম সারির নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও দলটির প্রভাবশালী নেতাদের নাম রয়েছে। পাশাপাশি নাশকতায় অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ এবং মাঠপর্যায়ে কর্মী সংগ্রহের সঙ্গে জড়িতদেরও শনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে শিগগিরই সাঁড়াশি অভিযান শুরু হতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বিস্ফোরক ও অস্ত্র দেশে আনা হচ্ছে। কিছু পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী এসব কর্মকাণ্ডে অর্থ জোগাচ্ছেন। দুর্গম চরাঞ্চলে তৈরি হচ্ছে ককটেল। পরে রাজধানীর পাঁচটি নির্দিষ্ট স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চলমান অভিযান আরও কঠোর করা হবে।

চার মাস্টারমাইন্ড চিহ্নিত

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত চারজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরও ১১ জনের নাম এসেছে গোয়েন্দা তালিকায়। তারা হলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম বাবু, মাইনুল হোসেন খান নিখিল ও মির্জা আজম। তালিকায় রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

মধ্যম পর্যায়ের নেতৃত্বে থাকা আটজনের মধ্যে রয়েছেন লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু ও নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।

অর্থদাতা ও সরবরাহকারীদের তালিকা

গোয়েন্দা প্রতিবেদনে অঞ্চলভিত্তিক অর্থদাতাদের নামও উল্লেখ করা হয়েছে। ঢাকা মহানগর অঞ্চলে অর্থদাতা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত হিসেবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও জাহাঙ্গীর আলমের নাম রয়েছে।

নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম এসেছে। এ ছাড়া বিভিন্ন জেলার নেতাদের পাশাপাশি আওয়ামী লীগ-সমর্থিত প্রভাবশালী ব্যবসায়ীদের অর্থায়নের অভিযোগ রয়েছে।

সূত্রের দাবি, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দর এবং সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্ত দিয়ে বিস্ফোরক তৈরির উপাদান দেশে আনা হচ্ছে। পরে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে ককটেল তৈরি করা হয়। সেগুলো রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান থেকে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেড় মাসে তৎপরতা বেড়েছে কয়েক গুণ

গোয়েন্দা ও দাপ্তরিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ধরনের তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অক্টোবরে ৫৭টি কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলেও নভেম্বরের প্রথম ১৪ দিনেই তা বেড়ে দাঁড়িয়েছে ২৮১টিতে।

পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে ২২টি ঝটিকা মিছিল হলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে হয়েছে ৪০টি। ককটেল বিস্ফোরণের ঘটনা ৪টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। নভেম্বরের প্রথম ১৪ দিনে অগ্নিসংযোগের একটি, কুশপুত্তলিকা দাহের পাঁচটি এবং আতশবাজি ফোটানোর ৪৯টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

একই সময়ে মশাল মিছিলের সংখ্যা ২ থেকে বেড়ে ১০ এবং বিক্ষোভ মিছিল ৪ থেকে বেড়ে ১৫টিতে দাঁড়িয়েছে। মাঠপর্যায়ের কর্মকাণ্ডের পাশাপাশি ভার্চুয়াল তৎপরতাও বেড়েছে। মিছিল, সভা ও বিভিন্ন কর্মসূচির ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে ৭টি থাকলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে ৩১টি হয়েছে।

এ ছাড়া গোপন বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, জন্মদিন পালন এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মতো কর্মসূচির তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। তাদের মতে, এসব তৎপরতার মাধ্যমে সংগঠিত হওয়ার পাশাপাশি জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে।

বস্তির অপরাধীদের ব্যবহার, পারিশ্রমিক ৫০০ টাকা

রাজধানীর মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ফুটেজ ও গ্রেফতার ব্যক্তিদের জবানবন্দিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।

গোয়েন্দা সূত্রের দাবি, এসব ঘটনায় কড়াইল ও চলন্তিকাসহ বিভিন্ন বস্তির অপরাধপ্রবণ ব্যক্তিদের ব্যবহার করা হচ্ছে। মাত্র ৫০০ টাকার বিনিময়ে তাদের নাশকতামূলক কাজে যুক্ত করা হচ্ছে।

গত ৫ থেকে ১১ নভেম্বর আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। ৮ নভেম্বর রাতে মালিবাগে সিআইডি কার্যালয় ও মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে।

আদালতে দেওয়া হৃদয়ের জবানবন্দি অনুযায়ী, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল। এ ছাড়া ৯ নভেম্বর সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। ওই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল ও রাসেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার আকতার হোসেনবলেন, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল ও এর সহযোগী সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]