ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট ঘুরে বেড়াল চীনা যুদ্ধবিমান

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:১৭ , অনলাইন ভার্সন
ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে ২০-২৫ মিনিট ঘুরে বেড়াল চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর ভারতের সিকিম অঞ্চলে ঘটেছে স্পর্শকাতর এই ঘটনা।
বর্তমান যুগে কয়েক সেকেন্ডের জন্য আকাশসীমা লঙ্ঘনও যেখানে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হয়, সেখানে চীনা যুদ্ধ কীভাবে ভারতের আকাশসীমায় প্রায় আধা ঘণ্টা ধরে নির্বিঘ্নে ঘুরে বেড়াল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে খোদ ভারতীয় মহলেই। বিশেষ করে, শিলিগুড়ি করিডোরের কাছে এমন একটি স্পর্শকাতর স্থানে আকাশসীমা লঙ্ঘন ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে শনিবার (১৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এ বিষয়ে জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যমটি। তবে তাতে সাড়া পাওয়া যায়নি।

সূত্র জানায়, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে এবং সেটিকে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা পাঠায়। তবে ভারতীয় বিমানবাহিনীর বার্তাকে পাত্তা না দিয়ে চীনা যুদ্ধবিমানটি ওই এলাকার ওপর চক্কর দিতে থাকে।

যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। এটি কী ধরনের আকাশযান ছিল, এর সুনির্দিষ্ট উড্ডয়ন পথ এবং ঠিক কখন এটি ভারতীয় ভূখণ্ড ত্যাগ করেছিল—এসব তথ্য এখনো জানা যায়নি।

আগেও ভারতে ঢুকেছিল চীনা সামরিক প্লেন
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের তৎপরতা নিয়ে এর আগেও উদ্বেগ তৈরি হয়েছিল।

২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছ দিয়ে উড়ে গেছিল চীনের একটি সামরিক প্লেন। ভারতের স্থলবাহিনীর সদস্য ও রাডারে সেটির উপস্থিতি ধরা পড়ে। ঘটনাটি নিয়ে চীনের কাছে উদ্বেগ জানায় ভারত।

২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থার সময়ও সীমান্তের কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়।
তখন ওই এলাকায় টহল দেয় ভারতীয় যুদ্ধবিমান। তবে চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি বলে দাবি করেছিল নয়াদিল্লি।
২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখন্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়।

ওই বছরের ৭ নভেম্বর লাদাখেও চারটি চীনা হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট ধরে একই এলাকায় অবস্থান করেছিল বলে জানা যায়।

এ ছাড়া ২০১৭ সালের জুনে উত্তরাখন্ডের চামোলি জেলায় দুটি চীনা সেনা হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট ধরে চক্কর দেয়। ডোকলাম অচলাবস্থা শুরুর প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটেছিল। সূত্র: আউটলুক ইন্ডিয়া

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]