মুক্তি পেলেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ , অনলাইন ভার্সন
চট্টগ্রামের কর্ণফুলীতে আটক আলোচিত আইনজীবী এম কামাল উদ্দিনকে জরিমানা করে মুক্তি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তিনি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামের সংগঠনের সভাপতি দাবি করে আলোচনায় এসেছিলেন।

গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে তাকে মুক্তির আদেশ দেওয়া হয়।

মুক্তি পেয়ে তিনি বলেন, ‘আমি সরকারের প্রতি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আল্লাহর দরবারে তারেক রহমানের জন্য দোয়া করি, উনি যেন সুষ্ঠুভাবে রাষ্ট্র চালাতে পারেন।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, এম কামাল উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় সন্দেহজনক চলাফেরার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়।

এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ সরকারের সময় তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় সন্তোষজনক ব্যাখ্যা ছাড়া কোনো স্থানে অবস্থান বা জনসমাগমস্থলে ঘোরাফেরা এবং নিজের পরিচয় বা অবস্থান সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পুলিশকে আটকের ক্ষমতা দেওয়া হয়েছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]