এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:০৩ , অনলাইন ভার্সন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। 

এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত আব্দুল হালিমের আপন ভাই মরহুম মাহফুজুর রহমান ওরফে মনজু মাস্টারের কাছ থেকে দলিল মূলে সোয়া চার কাঠা জমি ক্রয় করেন ইদ্রিস আলী। পরবর্তীতে বিক্রেতা সরেজমিনে জমির দখল বুঝিয়ে দিলে ইদ্রিস আলী সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত আব্দুল হালিম জমিটি জবরদখলের পাঁয়তারা করছিলেন এবং বৃদ্ধ ইদ্রিস আলীকে উচ্ছেদসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ সকালে আব্দুল হালিম ওরফে টমের নেতৃত্বে একদল লোক হাসুয়া, রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইদ্রিস আলীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। 

হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল এবং ঘরে থাকা তিনটি খাটসহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা বৃদ্ধ ইদ্রিস আলী ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে খুন-গুমের হুমকি দিচ্ছে। এমনকি তাকে হয়রানি করতে দৌলতপুর থানার একটি মামলায় মিথ্যাভাবে জড়ানোরও অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। বর্তমানে অসহায় এই বৃদ্ধ পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]