মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৬:১৪ , অনলাইন ভার্সন
ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলার ২০২ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মা ও ছেলেসহ চারজন নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দ্য হিন্দুর প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

দুপুর ১টার দিকে নিউ হেভেন এলাকায় একটি হ্যাচব্যাক গাড়ি এবং একটি পিকআপ ভ্যানে অতর্কিত হামলা চালায় আক্রমণকারীরা। ঘটনাস্থলটি ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কুকি ও নাগা সম্প্রদায়ের সংঘাতের কেন্দ্রবিন্দু লিটান এলাকায় অবস্থিত।

নিহতরা হলেন কাপাংখুই আরএস, তার ছেলে হাওলেইলা আরএস, খানমিলা কেইসিং এবং অগাস্ট নাগালুং। প্রথম দুজন উখরুল জেলার শাংশাক গ্রামের এবং পরের দুজন একই জেলার তাশার গ্রামের বাসিন্দা ছিলেন। মণিপুর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্বৃত্তরা দুটি গাড়িতে গুলি চালালে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিরাপত্তা জোরদার করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মণিপুর পুলিশ, বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী), সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের সমন্বয়ে গঠিত অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এলাকায় পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ঘটনাস্থল এবং এর আশপাশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, হামলার স্থানটি উখরুল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং লিটান থেকে ৬ কিলোমিটার আগে অবস্থিত। একটি কুকি সংগঠনের আরোপিত অবরোধের কারণে আগস্ট পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এবং সরকার লিটান থেকে ইম্ফল ও উখরুলের মধ্যে উভয় দিকে যাতায়াতকারী যানবাহনকে নিরাপত্তা এসকর্ট প্রদান করে থাকে।

উল্লেখ্য, নাগা অধ্যুষিত উখরুল জেলার পাশের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় একই ধরনের গুলির ঘটনায় এক কুকি নারী নিহত এবং দুজন কুকি পুরুষ আহত হওয়ার ঠিক এক দিন পর শুক্রবারের এই হামলার ঘটনা ঘটল।

নাগা সংগঠনগুলো এই হামলার পেছনে কুকি সশস্ত্র গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে দাবি করলেও কুকি গোষ্ঠীগুলো এতে নিজেদের সম্পৃক্ততার কথা পুরোপুরি অস্বীকার করেছে। বেশ কয়েকটি কুকি সুশীল সমাজ সংগঠন নাগা নাগরিকদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মদ্যপ অবস্থায় কথিত বিবাদের জেরে মণিপুরে কুকি-নাগা সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: দ্য হিন্দু 

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]