ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: রুবিও

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:১৭ , অনলাইন ভার্সন
ইরানের ওপর নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের কারণে দুর্বল হয়ে পড়া ইরান সরকারের ওপর এমনিতেই বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ফলে আপাতত সামরিক পদক্ষেপ ছাড়াই দেশটিকে চাপে রাখা সম্ভব।

ফেডারেলিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের তৈরি করা অর্থনৈতিক চাপ এতটাই তীব্র যে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই হবে বিজয় নিশ্চিত করার মূল শর্ত।

রুবিওর এ বক্তব্যের মধ্য দিয়ে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মন্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেছে। ট্রাম্প বলেছিলেন, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে বলে স্বীকার করেন রুবিও। তার ভাষ্য, সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে ও বৈশ্বিক অর্থনীতির প্রায় প্রতিটি খাতেই এর প্রভাব পড়েছে।

রুবিও বলেন, ট্রাম্প চাইলে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে তৈরি হওয়া হুমকি উপেক্ষা করতে পারতেন। জনপ্রিয়তা হারানোর ঝুঁকি থাকা একটি যুদ্ধে না জড়িয়ে বিষয়টি পরবর্তী প্রশাসনের জন্য রেখে দেওয়ার সুযোগও ছিল তার। কিন্তু ট্রাম্প সেই ঝুঁকি এড়িয়ে যাননি।

রুবিওর ভাষায়, ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইরানের পারমাণবিক হুমকিকে এভাবে অমীমাংসিত অবস্থায় রেখে যাবেন না।

তবে এ সিদ্ধান্তের মূল্য যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি কঠিন এবং সহজে মোকাবিলা করার মতো নয়। এ ধরনের সিদ্ধান্তের কারণে অর্থনৈতিকসহ নানা ধরনের ভোগান্তি তৈরি হয়, আর যুক্তরাষ্ট্র সরকার তা স্বীকার করে। সূত্র: আল-জাজিরা

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]