সাভারের আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৭টিতে

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ , অনলাইন ভার্সন
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। 

শনিবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধ রাখার নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে আরও সাতটি পোশাক কারখানা।

সকাল থেকে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিস দেখে অনেক শ্রমিক বাসায় ফিরে যান, তবে কয়েকটি পয়েন্টে শ্রমিকদের জটলা পাকানোর চেষ্টা করতেও দেখা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১- এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “এ পর্যন্ত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর সাতটি পোশাক কারখানা আজকের (শনিবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”

শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরেই আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও নিশ্চিন্তপুর, পুকুরপাড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস বাড়ানো এবং টিফিন বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছিলেন।

কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ পরিস্থিতিতে কারখানার জানমাল ও নিরাপত্তা রক্ষার স্বার্থে মালিকপক্ষ শ্রম আইনের ১৩ (১) ধারা (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তি) প্রয়োগ করে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে আছে, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। “

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবুও কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে খোলা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে। ’’

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]