২৪ ঘণ্টা পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ , অনলাইন ভার্সন
বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের ২৪ ঘণ্টার বেশি সময় পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের ই-মেইলসহ বিভিন্ন সেবা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ বিভ্রাটে ৭৪টি দেশের ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন। আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যাহত হয়। খবর আল জাজিরার। 

মাইক্রোসফট জানিয়েছে, সার্ভারে অতিরিক্ত চাপের কারণে এ সমস্যা তৈরি হয়েছিল। তবে সাইবার হামলা বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার (১৩ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং ই-মেইল সরবরাহের সমস্যাও কমে এসেছে। তবে কিছু ক্ষেত্রে এখনও বিঘ্ন রয়েছে।

ফ্লাইট ট্র্যাকিংয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর মতোই মাইক্রোসফটের প্রযুক্তির ওপর নির্ভর করে বিশ্বজুড়ে বহু সরকারি সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে এ বিভ্রাটে বিভিন্ন দেশের কার্যক্রম ব্যাহত হয়।
তাইওয়ানের কয়েকটি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তথ্য আদান-প্রদানে সমস্যা দেখা দেয়। নরওয়ের পার্লামেন্ট ও কয়েকটি মন্ত্রণালয় ই-মেইল ব্যবহারের সুযোগ হারায়। ডেনমার্কের ৮০ থেকে ৯০টি পৌরসভাও ক্ষতিগ্রস্ত হয়। জার্মানি, যুক্তরাজ্য ও কানাডার রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সময়সূচি ও ই-টিকিট সেবায় বিঘ্ন ঘটে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসকে কাগজে লেখা নথির ওপর নির্ভর করতে হয়

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানও এ সমস্যায় পড়ে। তবে দেশটির প্রতিরক্ষা বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা জানায়নি।
আগামী জুন থেকে পেন্টাগনের মাইক্রোসফট অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। এ জন্য ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি চুক্তি করা হয়েছে, যার আওতায় মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারের সুযোগও রয়েছে।

এ ঘটনা বিশ্বজুড়ে অল্প কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকি সামনে এনেছে। ইউনিভার্সিটি অব কেমব্রিজের গবেষক ওয়াল্টার পাসকুয়েরেলির মতে, এটি মূলত বৈশ্বিক যোগাযোগব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকির বিষয়।

এদিকে মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাটের কারণ পর্যালোচনা করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]