জেনসেন হুয়াং ‘চরম দুঃসময়’ পার করছেন : ট্রাম্প

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:২৬ , অনলাইন ভার্সন
বিবাহ-বহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং ‘চরম দুঃসময়’ পার করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৬৩ বছর বয়সী হুয়াং প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইওর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার সঙ্গে সম্পর্কে জড়ানো নারী চীনের হয়ে কাজ করেন, এমন অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে কয়েকশ বিলিয়ন ডলার কমে যায়।

‘স্ট্রেইট শুটার উইথ স্টিফেন এ’ পডকাস্টে বৃহস্পতিবার কথা বলেন ট্রাম্প। হুয়াংয়ের পদত্যাগকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, সাবেক এই সিইও সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন নিজের পরিবারকে আঘাত করার কারণে।

ট্রাম্প বললেন, ‘আমি সব সময় তাকে একজন ভালো মানুষ বলে মনে করেছি। গতকাল তার সঙ্গে কথা হয়েছে। তিনি চরম দুঃসময় পার করছেন। স্ত্রী ও পরিবারকে কষ্ট দেওয়ার বিষয়টিই তাকে সবচেয়ে বেশি ব্যথিত করছে।’

হুয়াংয়ের বিরুদ্ধে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী।

গত অক্টোবরে নিউইয়র্ক টাইমসকে কয়েকটি সূত্র জানিয়েছিল, এনভিডিয়ার তৈরি উন্নত চিপসহ এ ধরনের প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা বিধিনিষেধ এড়িয়ে যেতে সহায়তা করছিলেন অ্যালিস।

এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এনভিডিয়া এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) একই সময়ে হাজার হাজার হিসাব-নিকাশ করতে পারে। এআই প্রযুক্তির জন্য এ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পডকাস্টে বৃহস্পতিবার এনভিডিয়ার প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বললেন, ‘তার এমন একটি চিপ রয়েছে, যা এতটাই জটিল ও অসাধারণ, যে কেউ সেটির নকল করতে পারবে না। অর্থাৎ তাদের মেধার স্তরের কারণে এটি নকলেরও অতীত। তিনি যা করেছেন, তা অবিশ্বাস্য। তিনি অসাধারণ একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এনভিডিয়া সত্যিই অবিশ্বাস্য।’

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এআই চিপ প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করছে। এ লক্ষ্যে এনভিডিয়ার রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি বিক্রির আয়ের অংশ যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়ার শর্তও দিয়েছে।

স্টিফেন এ স্মিথের পডকাস্টে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে হুয়াংয়ের পদত্যাগ করা উচিত ছিল কি না।

জবাবে তিনি বলেছেন, ‘আসল বিষয় হলো, ওই নারী গুপ্তচর ছিলেন কি না। বিষয়টি এখনো নির্ধারিত হয়েছে কি না, তা আমি জানি না। ওই নারী যদি গুপ্তচর হয়ে থাকেন, তাহলে হ্যাঁ। আর তিনি গুপ্তচর না হলে বিষয়টি হয়তো অন্য রকম হতো।’

নিউইয়র্ক টাইমসের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং সম্পর্কে পাওয়া তথ্য ও তদন্তের ফলাফল আগেই ট্রাম্পকে জানানো হয়েছিল।

গত মে মাসে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ট্রাম্প ও প্রযুক্তি খাতের কয়েকজন প্রধান নির্বাহীর সঙ্গে চীন সফরে গিয়েছিলেন জেনসেন হুয়াং।

৯ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রীয় সফরের ওই সময়ে গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা সম্পর্কে জানার কথা অস্বীকার করেন ট্রাম্প।

তিনি বললেন, ‘না, তখন আমি এ বিষয়ে কিছু শুনিনি। তবে অনেকেই বিষয়টি শুনেছেন।’ ওই পরিস্থিতি সম্পর্কে তাকে আগে জানানো হয়ে থাকলেও তা তার ওপর খুব একটা প্রভাব ফেলেনি বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে ওই আলাপে ট্রাম্প আরও জানান, অ্যালিস গুপ্তচর কি না, তা সরাসরি হুয়াংয়ের কাছে জানতে চেয়েছিলেন তিনি।

ট্রাম্প বলেছেন, ‘আমি তাকে প্রশ্ন করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে আপনার কোনো ধারণা ছিল?’ তিনি বলেছিলেন, ‘ওই নারী যে গুপ্তচর, তা আমার জানা ছিল না। আর আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’

সিনেটর টিম স্কট আগামী ৩ ডিসেম্বর সিনেটের ব্যাংকিং কমিটির সামনে স্বেচ্ছায় হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য হুয়াংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, হুয়াং হাজির না হলে তাকে বাধ্য করতে সমন জারি করা হতে পারে। এ ছাড়া প্রতিনিধি পরিষদের তিনটি কমিটিও তাকে রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছে। সূত্র : দ্য ইনডিপেনডেন্ট

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]