জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:০৪ , অনলাইন ভার্সন
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, এ ক্ষেত্রে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পর্যাপ্ত অর্থায়নে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘পলিসি টু প্র্যাকটিস-স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স : বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রম আরো কার্যকরভাবে সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে।

এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ সময় তিনি জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনা জোরদার এবং জলবায়ু অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী। তিনি বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ ২০২৪ সালে ‘জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি)’ গ্রহণ করেছে। বর্তমানে এর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ, প্রশিক্ষণ প্রদান এবং নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএন উইমেন বাংলাদেশের প্রগ্রাম বিশেষজ্ঞ দিলরুবা হায়দারের সঞ্চালনায় প্যানেল আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ, যুগ্ম সচিব ধরিত্রী কুমার সরকার, ইউএন উইমেন সদর দপ্তরের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নবিষয়ক নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো, ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) কৌশল বিভাগের ফোরসাইট ও জলবায়ুবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল এবং এশিয়া-প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেনের (অ্যারো) জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নিকা কাস্তিলো অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে হবে। বিশেষ করে জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযোজন কার্যক্রমে তাদের চাহিদা ও অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

জেন্ডার-সংবেদনশীল জলবায়ু সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সিসিজিএপি একটি বাস্তবভিত্তিক কাঠামো হিসেবে কাজ করছে উল্লেখ করে বক্তারা বলেন, কপ৩১-পরবর্তী সময়ে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]