তৃতীয় ব্যক্তির প্রভাব মারাত্মক ক্ষতিকর!

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ , অনলাইন ভার্সন
তৃতীয় ব্যক্তিটা কে, আগে আমাদের সেটাই জানতে হবে। আমি, তুমি, আপনি, তিনি বা অন্য যে কেউই কারও না কারও সংসারে তৃতীয় ব্যক্তি। এখানে উদাহরণ টানতে গিয়ে সংসার বলে ফেললাম। দেশ, জাতি কিংবা আন্তর্জাতিক যেকোনো ব্যাপারেও তৃতীয় ব্যক্তির প্রভাব খুবই ভয়াবহ হয়। মানুষ একা চলতে পারে না, পারবে না। তাই অবশ্যই অবশ্যই সবার সাথে মিলেমিশে থাকতে হবে। এখন কথা হলো, সুন্দর কিংবা অসুন্দর সম্পর্ক, যা-ই হোক না কেন, এটা তৃতীয় ব্যক্তি পর্যন্ত যাওয়া উচিত না—হোক সেটা সংসার কিংবা রাষ্ট্রের। প্রতিবেশী যেকোনো দুই দেশের ভালো সম্পর্কের পাশাপাশি খারাপ কিছু থাকতেই পারে আর সেটা যখন অন্য কোনো বড় রাষ্ট্র জানতে পারে বা যেকোনোভাবে জানানো হয়, ঠিক তখনই বিপত্তি সৃষ্টি হয়। আরও সহজে বোঝাতে পরিবার নিয়ে ভাবুন। ধরুন, যেকোনো স্বামী-স্ত্রীর সুন্দর সম্পর্কে টুকটাক ঝামেলা হতেই পারে আর এটাই স্বাভাবিক। একসাথে থাকতে গেলে এইসব হবে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তবে জটিল রূপ ধারণ করে তখনই, যখন ঝামেলাগুলো তৃতীয় কারও সাথে আলোচনা করা হয়। বেশির ভাগ পরিবার শেষ হয় তৃতীয় ব্যক্তির প্রভাবে, এটা শতভাগ সত্যি কথা। সংসারে তৃতীয় ব্যক্তি বলতে স্বামী-স্ত্রী দুজনের বাইরে আর সবাই। আমি মনে করি, আমার মা-বাবার সংসারে আমিও তৃতীয় ব্যক্তি। ভাই-ভাবির সংসারে আমি তৃতীয় ব্যক্তি। বোনের সংসারে আমি তৃতীয় ব্যক্তি। এমনকি আমার ছেলেমেয়েদের যখন সংসার হবে, সেখানেও আমি তৃতীয় ব্যক্তি। ভালো-মন্দ, বিপদ-আপদ কিংবা সবকিছুতে তাদের আমি সহযোগিতা করতে পারি কিন্তু তাই বলে তাদেরকে যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমার উচিত নয়। তৃতীয় ব্যক্তি হিসেবে তাই তো আমি কারও জীবনের গল্প শুনতেও আনন্দ পাই না, ব্যক্তিগত যেকোনো আলাপ হচ্ছে দেখলেই আমি দূরে সরে আসি।
কেউ নিজ ইচ্ছায় কিছু বলতে এলেও সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করি, নাহয় সুন্দরভাবে এড়িয়ে চলি। যেকোনো স্বামী-স্ত্রীর সম্পর্কে যখন বন্ধুবান্ধব কিংবা যেকোনো শুভাকাঙ্ক্ষী ঢুকে পড়ে, ঠিক তখনই সম্পর্ক শেষ হতে থাকে। সংসারে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে যেকোনো একজন পরকীয়ায় আসক্ত হলে সেই সংসার টেকানো অনেকটা কষ্টকর। সেই সংসারে ফাটল ধরার পেছনে থাকে কোনো তৃতীয় ব্যক্তির তীব্র থাবা। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে তৃতীয় ব্যক্তি সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং নিজেদের ব্যক্তিগত সবকিছু সম্পর্কে বলতে হবে। সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখেই তৃতীয় ব্যক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে।

আমার, আপনার কিংবা যে কারও ব্যক্তিগত অনেক কিছু থাকবে। ভালো লাগা, মন্দ লাগা থাকবে। থাকবে জীবন চলতে অনেক হিসাব-নিকাশ। আসতে পারে অনেক সমস্যা। সমস্যা থাকলে সমাধান করার জন্যও থাকে নানা ধরনের ব্যবস্থা। নিজেদের যেকোনো সমস্যার সমাধান পরিবারে মানে চার দেয়ালে বসে সমাধানের চেষ্টা করা উচিত। এর বাইরে নয়। তৃতীয় ব্যক্তি পর্যন্ত যখন কিছু যায়, সেটা আর সেখানে সীমাবদ্ধ না থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ... এইভাবে যেতে থাকে। হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে থাকব, যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করব, বিপদে ছুটে যাব কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু সমাধানের জন্য অন্তত তৃতীয় ব্যক্তির কাছে যাব না। আমাদের যেসব সমস্যা আমরাই সমাধান করতে পারি, সেগুলো আমাদের মধ্যে থাকুক—এটাই মূলকথা।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]