এ যেন গৌরী সেনের টাকায় মচ্ছব

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ , অনলাইন ভার্সন
‘লাগে টাকা দেবে গৌরী সেন’—এ অতি প্রাচীন এবং বহুল ব্যবহৃত একটি প্রবাদ। প্রবাদটির মর্মার্থ বলা যায় এ রকম, টাকা যারা খোলামকুচির মতো ব্যয় করে, তাদের দায় নেই টাকা কোথা থেকে আসে। এ টাকার কোনো হিসাব-নিকাশ নেই। টাকার অর্থপূর্ণ ব্যবহারের বিষয়ে খোঁজখবর নেওয়ার কারও কোনো দায় নেই। এ যেন ‘খয়রাতি মাল দরিয়ামে ঢাল’। সঠিক জবাবদিহি থাকলে এ রকমটা কখনো হওয়ার কথা ছিল না। সোসাইটির মালিক যে সোসাইটির সদস্যরা, সে কথা কেউই মনে রাখার দায় অনুভব করে না।

সোসাইটির নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৫ অক্টোবর রোববার। নির্বাচন নির্দিষ্ট তারিখে হয়নি। আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে গেছে। সে নিয়েই ওপরের কথাগুলো বলা। কমবেশি ২০ লাখ ডলারের নির্বাচন। প্রত্যেক প্রার্থীর পেছনে কমবেশি ১ লাখ ডলার করে খরচ। চূড়ান্ত পর্যায়ে চলছিল প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থী-সমর্থকদের ছোটাছুটি ভোটারদের দ্বারে দ্বারে। যিনি ভোটার তার সঙ্গেই শুধু নয়, যিনি ভোটার নন, তার সঙ্গেও মুখে হাসি রেখে কুশল বিনিময়। এ রকম সময়ে যখন প্রার্থী-ভোটার সকলেই ভোট দিতে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন, ঠিক সে সময়ে বিনা মেঘে বজ্রপাতের মতো আদালতের সমন হাজির। নির্বাচনের ওপর স্থগিতাদেশ। আদালতের দ্বারস্থ হয়েছেন একসময়ের সোসাইটির কর্মকর্তা ওসমান চৌধুরী।

এ কারণে ২৫ অক্টোবর সোসাইটির নির্বাচন হয়নি। এর মধ্যেই ২০ লাখ ডলারের সিংহ ভাগ অর্থ নির্বাচনের নানা খাতে খরচ হয়ে গেছে। নতুন করে নির্বাচন কোন সময়ে আয়োজন করা সম্ভব হবে, তা এ মুহূর্তে কারও পক্ষেই অনুমান করে বলা সম্ভব নয়। এখন প্রশ্ন, সোসাইটির নির্বাচনে স্থগিতাদেশ কে আনলেন বা কেন আনলেন। স্থগিতাদেশ যিনি এনেছেন, তিনি নিশ্চয় কোনো অনিয়মের অভিযোগ তুলেছেন। আর অন্যায় বা অনিয়মের অভিযোগের কারণে যে কেউ আদালতের শরণাপন্ন হতেই পারেন। যিনি এনেছেন তিনি কমিউনিটির পরিচিত মুখ এবং সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী। তিনি ২০১৮ সালেও একবার নিয়মের ব্যত্যয়ের অভিযোগ এনে সোসাইটির বিরুদ্ধে মামলা করেছিলেন। সে মামলার কারণেই সোসাইটির তৎকালীন নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়ে তার প্রাথমিক সদস্যপদ বাতিল করেছে। অবশ্য সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সদস্যপদ পুনর্বহাল চেয়ে তিনি তখন মামলা করেননি।

এবার মামলার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সদস্যপদের চাঁদা দিয়ে তিনি সোসাইটির সদস্য হয়েছেন। তার নাম যখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সেদিক থেকে তিনি একজন ভ্যালিড সদস্য। তাই তিনি নির্বাচনে যেকোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধ অধিকার রাখেন। কিন্তু তাকে অধিকারবঞ্চিত করা হয়েছে। বঞ্চনার শিকার হচ্ছেন মনে করলে একজন আইনের আশ্রয় নিতেই পারেন। তার সদস্যপদ গ্রহণ এবং ভোটার তালিকায় নাম প্রকাশিত হওয়ার বিষয়ে বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান বলেছেন, ‘ওসমান চৌধুরীর সদস্যপদ বাতিল করেছে পূর্ববর্তী কমিটি।’ আর সদস্যপদ গ্রহণ এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেছেন, ‘একসঙ্গে অনেকের সদস্যপদ গ্রহণের আবেদন জমা পড়ায় এবং সে অনুযায়ী ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা আমাদের চোখে পড়েনি।’ এ ব্যাখ্যা তো গ্রহণযোগ্য হয় না। আপনাদের দায়িত্ব ছিল প্রত্যেক সদস্যপদের ফরম পড়ে, কে সদস্যপদ হারিয়েছেন, সেসব দেখে সদস্যপদ দেওয়া এবং সে অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা।

আপনাদের ভুলের দায় তো ওসমান চৌধুরী বহন করতে পারেন না। তিনি তো ভেবে নিতেই পারেন, পূর্ববর্তী কমিটি তার সদস্যপদ বাতিল করলেও বর্তমান কমিটি সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। আর কোনো ব্যক্তি যদি কোনো অভিযোগ নিয়ে আইনের আশ্রয় নেন, সে কারণে তিনি সদস্যপদ হারাবেন কেন? এ তো প্রতিহিংসা ও বিদ্বেষপ্রসূত সিদ্ধান্ত, যা আইনের চোখেও সঠিক বিবেচিত হয় না। এ প্রসঙ্গে আরও একটি কথা, একসঙ্গে হাজার হাজার সদস্যের ফরম নেওয়ার পরিণতি কী, সেটাও এবার সবাই বুঝতে পারলেন। এই যে ভোটারদের অজান্তেই প্রার্থীদের অর্থে ভোটার করা, এটা যে অনৈতিক, তা বহুবার বহুভাবে বলা হয়েছে। এবং এ প্রক্রিয়ায় যাদের ভোটার করা হয়, তারাও স্বীকার করেন, এটা অনৈতিক।

প্রশ্ন উঠতে পারে, তিনি ভোট গ্রহণের মাত্র ১ দিন আগে ২৩ অক্টোবর মামলা করলেন কেন? আগেও তো করতে পারতেন? হতে পারে তিনি অন্যান্য প্রক্রিয়া শেষ করে মামলা করেছেন। তবে মামলাটি এমন সময় তিনি করেছেন, যখন ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ। নির্বাচন কমিশন, সকল প্রার্থী এবং ভোটাররাও ভোট দেওয়ার প্রতীক্ষায়। ইতিমধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিতে প্রচুর অর্থও ব্যয় হয়ে গেছে। এখন মামলার ব্যয় তো আছেই। অনেকের মুখেই এ কথা শুনতে পাওয়া গেছে, ওসমান চৌধুরী যদি সোসাইটির মঙ্গলাকাঙ্ক্ষী হন, তবে তিনি মামলাটি অনেক আগেও করতে পারতেন।

এখন প্রশ্ন—এ মামলার কারণে কার লাভ, কার ক্ষতি? এ মামলায় বেনিফিশিয়ারি হবে কোন পক্ষ? উভয় পরিষদের প্রার্থীরাই এখন নির্বাচনী প্রচারণার স্থলে প্রতিবাদ সমাবেশ করছেন। ইতিপূর্বের মামলায় দেখা গেছে, মামলার রায় হওয়ার মধ্যবর্তী সময় ক্ষমতাসীনরাই সোসাইটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আরেকটি নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত তারাই দায়িত্বে থেকেছেন। এবার অন্য কোনো ব্যবস্থা আসবে কি না, তা রায়ে বুঝতে পারা যাবে।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]