তিন দিনের তুরস্ক সফরে বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ , অনলাইন ভার্সন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্ব সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ নভেম্বর শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদল।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া থেকে ইস্তাম্বুল হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কে যান তিনি।

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ক্ষতিপূরণ ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।

এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনীও পরিদর্শন করেন।

তিন দিনের এই সফরে জলবায়ু কূটনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ঠিকানা/শই

Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]