ভবন কেনার প্রথম সুযোগ পাবে অলাভজনক সংস্থা

সাশ্রয়ী আবাসন রক্ষায় নিউইয়র্কে ‘কোপা’ আইন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:৫৫ , অনলাইন ভার্সন
ভবন বিক্রির পর ভাড়া বৃদ্ধি, রক্ষণাবেক্ষণে অবহেলা এবং দীর্ঘদিনের বাসিন্দাদের এলাকা ছাড়ার ঝুঁকি কমাতে নতুন আইন পেল নিউইয়র্ক সিটি। মেয়র জোহরান মামদানি ‘কমিউনিটি অপরচুনিটি টু পারচেজ অ্যাক্ট’ বা কোপা আইনে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে নির্দিষ্ট আবাসিক ভবন বিক্রির সময় নগর কর্তৃপক্ষের অনুমোদিত অলাভজনক সংস্থা ও তাদের নেতৃত্বাধীন অংশীদার প্রতিষ্ঠানগুলো প্রথমে কেনার প্রস্তাব দেওয়ার সুযোগ পাবে।

ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কের চেস্টনাট কমন্সে আয়োজিত অনুষ্ঠানে আইনটিতে স্বাক্ষর করেন মেয়র। এর প্রধান উদ্যোক্তা সিটি কাউন্সিল সদস্য স্যান্ডি নার্স। গত ২২ অক্টোবর সিটি কাউন্সিলে অনুমোদিত আইনটি আইনে পরিণত হওয়ার এক বছর পর কার্যকর হবে।

অনুষ্ঠানে মামদানি বলেন, কোনো ভবন কেবল মুনাফার জন্য বারবার হাতবদল হলে তার মূল্য দিতে হয় সেখানে বসবাসকারী মানুষকে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় মেরামত হয় না, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় এবং ভাড়াটিয়ারা নিজেদের পরিচিত এলাকা ছেড়ে যেতে বাধ্য হন। কমিউনিটির সঙ্গে কাজ করা দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর হাতে ভবনের মালিকানা যাওয়ার সুযোগ বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।

আইন অনুযায়ী, চার বা তার বেশি আবাসিক ইউনিট রয়েছে—এমন ভবনগুলোর মধ্যে নির্ধারিত অতিরিক্ত শর্ত পূরণকারী ভবন কোপার আওতায় আসবে। এসব ভবন বিক্রির উদ্যোগ নিলে মালিককে নগরীর আবাসন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগ—এইচপিডি এবং যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জানাতে হবে। প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশের জন্য ২০ দিন পাবে। এরপর আনুষ্ঠানিক ক্রয়প্রস্তাব জমা দেওয়ার জন্য আরও ৭০ দিন সময় থাকবে। নির্দিষ্ট পরিস্থিতিতে বাইরের কোনো ক্রেতার প্রস্তাবের সমান মূল্য ও শর্তে ভবন কেনার সুযোগও পাবে প্রথম যোগ্য প্রস্তাবদাতা। 

স্যান্ডি নার্স বলেন, অবহেলিত ভবন এক মালিকের কাছ থেকে আরেক মালিকের হাতে যাওয়ার মধ্যে ভাড়াটিয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়। তার মতে, বিশ্বস্ত আবাসন সংস্থাগুলোকে ভবন কেনা, সংস্কার করা এবং বর্তমান বাসিন্দাদের সেখানে থাকার ব্যবস্থা বজায় রাখার সুযোগ দেবে কোপা।

তিনি জানান, আইনটি বাস্তবায়নের পেছনে ছয় বছরের আন্দোলন রয়েছে। একাধিকবার উত্থাপন, শুনানি এবং আগের মেয়রের ভেটোর পর অবশেষে উদ্যোগটি আইনে পরিণত হলো। ভাড়াটিয়া সংগঠন, কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট ও আবাসন অধিকারকর্মীরা এই প্রচেষ্টায় যুক্ত ছিলেন।

কমিউনিটির উদ্যোগে আবাসন সংরক্ষণের উদাহরণ হিসেবে অনুষ্ঠানে ইস্ট নিউইয়র্কের ২৪৮ আর্লিংটন অ্যাভিনিউয়ের কথা তুলে ধরেন ইস্ট নিউইয়র্ক কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ডেবরা অ্যাক। তিনি জানান, ২০২৪ সালে ভাড়াটিয়াদের সঙ্গে কাজ করে ২০ ইউনিটের ভাড়া-নিয়ন্ত্রিত ভবনটি কেনে সংগঠনটি। বর্তমানে ভবনটির সংস্কার চলছে। পরিকল্পনা অনুযায়ী, ভবনটি সমবায় আবাসনে রূপান্তরিত হবে, যেখানে বাসিন্দারা যৌথভাবে মালিকানা ও পরিচালনায় অংশ নেবেন। জমির মালিকানা ল্যান্ড ট্রাস্টের হাতে রেখে দীর্ঘ মেয়াদে আবাসন সাশ্রয়ী রাখার ব্যবস্থা করা হবে।

তবে ভবন কেনার সুযোগের পাশাপাশি অর্থায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন সাইপ্রেস হিলস লোকাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী পরিচালক মাইকেল জনসন। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে অলাভজনক প্রতিষ্ঠানগুলোর ভবন কেনার অর্থ, সংস্কার ব্যয় এবং কারিগরি সহায়তা প্রয়োজন হবে।

মেয়রের ভাড়াটিয়া সুরক্ষা দপ্তরের পরিচালক সিয়া উইভার জানান, আগামী দুই বছরে সাশ্রয়ী আবাসন সংরক্ষণে নগরীর বাজেটে ২০০ কোটি ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, বিদ্যমান সাশ্রয়ী বাসস্থান রক্ষা এবং সেখানে বসবাসকারী মানুষকে স্থিতিশীলতা দেওয়ার কাজে কোপা একটি নতুন হাতিয়ার হিসেবে যুক্ত হবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]