নিউইয়র্কে ৪১৬ ভাড়াটিয়ার চুক্তির বেআইনি শর্ত বাতিল করবে কুইন্সের আবাসন প্রতিষ্ঠান

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:৪২ , অনলাইন ভার্সন
কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ন্ত্রণ আইনের আওতায় পড়ে কি না, তা নিয়ে আপত্তি জানানোর অধিকার ছেড়ে দিতে নিউইয়র্ক সিটির শত শত ভাড়াটিয়াকে বাধ্য করেছিল কুইন্সভিত্তিক স্যামসন ম্যানেজমেন্ট। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছেন, তদন্তের পর প্রতিষ্ঠানটিকে ভাড়ার চুক্তি থেকে ওই বেআইনি শর্ত সরিয়ে দিতে হবে।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, নিউইয়র্ক সিটিতে প্রতিষ্ঠানটির বর্তমান ৪১৬ ভাড়াটিয়া চুক্তির ওই অতিরিক্ত ধারায় সই করেছিলেন। অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার শর্ত হিসেবে এতে সই করতে হতো। কোনো ভাড়াটিয়া তার অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ন্ত্রণের আওতায় থাকা উচিত বলে দাবি করলে তাকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছিল ওই ধারায়। তবে তদন্তকারীরা ধারাটি প্রয়োগের কোনো নজির পাননি।

এক ভাড়াটিয়া সংগঠকের অভিযোগের পর ২০২৬ সালের জুনে তদন্ত শুরু হয়। নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার ও লং আইল্যান্ডে তিন হাজারের বেশি অ্যাপার্টমেন্টের মালিকানা ও ব্যবস্থাপনায় রয়েছে স্যামসন ম্যানেজমেন্ট।

সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিদ্যমান চুক্তি থেকে ধারাটি সরাবে এবং ভবিষ্যতের চুক্তিতেও এটি রাখতে পারবে না। যারা এতে সই করেছিলেন, তাদের লিখিতভাবে জানাতে হবে যে শর্তটি বাতিল। পাশাপাশি স্যামসনকে ২ হাজার ডলার জরিমানা দিতে হবে এবং প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত মেনে চলছে কি না, তা তদারকি করবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর বলেছে, কোনো ভাড়াটিয়া মনে করলে যে তার অ্যাপার্টমেন্ট ভাড়া বৃদ্ধির সীমা নির্ধারণকারী রেন্ট স্ট্যাবিলাইজেশন বিধির আওতায় পড়া উচিত, তিনি বিষয়টি চ্যালেঞ্জ করতে পারেন। ভাড়ার চুক্তিতে সইয়ের শর্ত হিসেবে তাকে এই অধিকার ছাড়তে বাধ্য করা বেআইনি। চুক্তিতে এ ধরনের ধারা থাকলে ১-৮০০-৭৭১-৭৭৫৫ নম্বরে ফোন করে অথবা অনলাইনে অভিযোগ জানানো যাবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]