গ্রোসারি, সুপারশপ, চেইন রেস্টুরেন্ট ও জুয়েলারিতে বিপুল বিনিয়োগ ♦ অর্থের উৎস নিয়ে প্রশ্ন

নিউইয়র্কে কোটি ডলারের ব্যবসায় অদৃশ্য পুঁজি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ , অনলাইন ভার্সন
দোকান চালু হয়নি, বেচাকেনাও শুরু হয়নি। অথচ মাসের পর মাস গুনতে হচ্ছে বিপুল অঙ্কের ভাড়া। কোথাও প্রায় এক বছর ধরে ঝুলছে উদ্বোধনের অপেক্ষা, কোথাও চলছে ব্যয়বহুল সাজসজ্জা ও অবকাঠামো নির্মাণ। এরই মধ্যে নিউইয়র্ক সিটির একাধিক এলাকায় নতুন চেইন রেস্টুরেন্ট গড়ে তোলার পেছনে কোটি ডলারের বিনিয়োগের প্রশ্ন সামনে এসেছে। 
অভিযোগ উঠেছে, এসব ব্যবসার কোনোটির দৃশ্যমান মালিকানায় প্রবাসী বাংলাদেশিদের রাখা হলেও নেপথ্যের অর্থায়নে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ভূমিকা রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন- ব্যবসা শুরুর আগেই এত বিপুল ব্যয় বহনের অর্থ কোথা থেকে আসছে? যুক্তরাষ্ট্রের বৈধ ব্যবসা ও উপার্জনের সঞ্চয়, ব্যাংকঋণ ও অংশীদারদের বিনিয়োগ,নাকি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের কোনো অংশ ঢুকে পড়ছে নিউইয়র্কের ব্যবসা-বাণিজ্যে?
শুধু রেস্টুরেন্ট নয়, নিউইয়র্ক সিটি ও আশপাশের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সাম্প্রতিক সময়ে চোখে পড়ছে গ্রোসারি, সুপারমার্কেট, চেইনশপ এবং জুয়েলারি ব্যবসার সম্প্রসারণ। একের পর এক নতুন প্রতিষ্ঠান, বড় আকারের দোকান, একাধিক শাখা এবং পার্টনারশিপ ব্যবসায় বিনিয়োগের প্রবণতা বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক অগ্রগতির পরিচয় দিচ্ছে। একই সঙ্গে কিছু বড় বিনিয়োগের মূলধন, প্রকৃত মালিকানা ও আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। চার দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ী সমাজে এই পরিবর্তন কতটা ব্যাপক, তার কোনো পরিসংখ্যান নেই। তবে দৃশ্যমান সম্প্রসারণের পেছনে কোন কোন উৎস থেকে পুঁজি আসছে, তা তদন্ত করার বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই প্রশ্নের পটভূমিতে রয়েছে বাংলাদেশের গত দেড় দশকের অর্থ পাচারের ভয়াবহ চিত্র। আওয়ামী লীগ সরকারের শাসনামলের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে চলে যাওয়ার প্রাক্কলন করেছে অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ২০২৪ সালের ১ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বছরে গড়ে প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার অবৈধ অর্থপ্রবাহের হিসাব দেওয়া হয়। শ্বেতপত্রের এই হিসাব বিভিন্ন তথ্য ও অনুমানের ভিত্তিতে প্রস্তুত প্রাক্কলন; এটি পৃথক প্রতিটি লেনদেনের তদন্তে প্রমাণিত অর্থের পরিমাণ নয়।্#ী২০;
পাচার হওয়া অর্থের গন্তব্য নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে কানাডার কথিত ‘বেগমপাড়া’, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের আবাসন ও ব্যবসা খাতকে ঘিরে। যুক্তরাষ্ট্রেও বাংলাদেশি রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সম্পদ ও বিনিয়োগের অভিযোগ তদন্তের আওতায় এসেছে। 
নিউইয়র্ক সিটির কয়েকটি এলাকায় গড়ে ওঠা একটি চেইন রেস্টুরেন্টের বিনিয়োগ নিয়ে সম্প্রতি নতুন প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির একাধিক শাখা দীর্ঘ সময় ধরে উদ্বোধনের প্রস্তুতিতে ছিল। কোনো কোনো শাখা প্রায় এক বছর আগে থেকেই চালুর অপেক্ষায় থাকলেও উদ্যোক্তাদের নিয়মিত ভাড়া, নির্মাণ ও অভ্যন্তরীণ সাজসজ্জা, রান্নাঘরের যন্ত্রপাতি, আসবাব এবং অন্যান্য প্রস্তুতিমূলক ব্যয় বহন করতে হয়েছে। এসব শাখা প্রস্তুত রাখতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। এমনকি শুধু ভাড়া বাবদই এক বছরে মিলিয়ন ডলারের অঙ্কে ব্যয় হয়েছে। 
নিউইয়র্কের বাণিজ্যিক এলাকায় রেস্টুরেন্ট ব্যবসা শুরু করা এমনিতেই ব্যয়বহুল। দোকানের ভাড়া ও জামানত ছাড়াও রান্নাঘর স্থাপন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, ভেন্টিলেশন, স্বাস্থ্যবিধি মেনে অবকাঠামো তৈরি, অনুমোদন, কর্মী নিয়োগ এবং সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে বড় বিনিয়োগ প্রয়োজন হয়। অনুমোদন বা নির্মাণকাজে বিলম্ব হলে ব্যবসা চালুর আগেই বিপুল অর্থ আটকে যেতে পারে। কিন্তু একসঙ্গে একাধিক শাখা প্রস্তুত রাখা এবং দীর্ঘদিন আয় ছাড়াই ব্যয় বহন করার ক্ষেত্রে উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বিশেষ গুরুত্ব পায়। প্রশ্ন ওঠে, এত অর্থ তাঁরা নিজস্ব সঞ্চয় থেকে দিয়েছেন, নাকি ব্যাংকঋণ, ব্যক্তিগত ঋণ অথবা অন্য বিনিয়োগকারীদের মাধ্যমে সংগ্রহ করেছেন? বিনিয়োগকারীদের ঘোষিত আয় ও সম্পদের সঙ্গে এই অর্থের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও অনুসন্ধানের বিষয়।
আরও গুরুত্বপূর্ণ হলো, সংশ্লিষ্ট রেস্টুরেন্টের মালিকানা ও অর্থায়ন নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ব্যবসাটির সঙ্গে বাংলাদেশে অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, দৃশ্যমান অংশীদার ও পরিচালনাকারী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের রাখা হলেও নেপথ্যে অন্য বিনিয়োগকারী থাকতে পারেন।
একসময় নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসার প্রধান ক্ষেত্র ছিল ছোট মুদি দোকান, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, মানি ট্রান্সফার প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক ব্যবসা। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, অ্যাস্টোরিয়া, ওজোন পার্ক, ব্রুকলিন ও ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে একটি শক্তিশালী কমিউনিটিভিত্তিক বাজার গড়ে ওঠে।
এখন ছোট গ্রোসারির পাশাপাশি বড় সুপারমার্কেট, একই প্রতিষ্ঠানের একাধিক শাখা এবং বৃহৎ পরিসরের খাদ্যপণ্যের ব্যবসাও সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক প্রতিযোগিতা, গ্রাহকদের চাহিদা বৃদ্ধি, অভিবাসী জনগোষ্ঠীর সম্প্রসারণ এবং প্রবাসীদের সঞ্চিত পুঁজি এ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তবে এই ধারাবাহিকতা খুবই কম। 
তবে বাংলাদেশি ব্যবসার সামগ্রিক সম্প্রসারণের মধ্যেই একটি অনুসন্ধানযোগ্য বিষয় হলো যৌথ বিনিয়োগের প্রকৃতি। কোনো প্রতিষ্ঠান পাঁচ বা দশজন অংশীদার মিলে গড়ে তুললে প্রত্যেকের বিনিয়োগের পরিমাণ কত, অর্থ কোথা থেকে এসেছে, বিদেশে অবস্থানরত কোনো ব্যক্তি পুঁজি দিয়েছেন কি না এবং লাভের প্রকৃত সুবিধাভোগী কারা, এসব প্রশ্নের উত্তর ব্যবসার প্রকৃত আর্থিক কাঠামো বুঝতে সহায়ক।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়িক পরিমণ্ডলে জুয়েলারি খাতের সম্প্রসারণও নজর কাড়ছে। সাধারণ গ্রোসারির তুলনায় স্বর্ণালংকার ব্যবসায় অনেক সময় বেশি মূলধন প্রয়োজন হয়। বিপুল পরিমাণ স্বর্ণ, হীরা ও অন্যান্য মূল্যবান পাথরের মজুত রাখতে হয়। পাশাপাশি নিরাপত্তা, বিমা, দোকান নির্মাণ ও বিপণনে উল্লেখযোগ্য ব্যয় হতে পারে।
নিউইয়র্কে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় গ্রাহকদের মধ্যে স্বর্ণালংকারের চাহিদা রয়েছে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান এবং পারিবারিক সঞ্চয়ের সংস্কৃতির কারণে এই বাজারে ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। ফলে নতুন উদ্যোক্তাদের জুয়েলারি খাতে আগ্রহী হওয়া অস্বাভাবিক নয়। তবে মূল্যবান ধাতু ও পাথরের ব্যবসা আন্তর্জাতিকভাবে অর্থ পাচারের ঝুঁকির বিবেচনায় বিশেষ গুরুত্ব পায়। কারণ স্বর্ণ ও মূল্যবান পাথর উচ্চমূল্যের, সহজে স্থানান্তরযোগ্য এবং বিভিন্ন দেশে কেনাবেচার উপযোগী। যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ধরনের মূল্যবান ধাতু ও অলংকার ব্যবসায়ীদের জন্য অর্থ পাচার প্রতিরোধবিষয়ক বিধানও রয়েছে। এই স্বর্ণালঙ্কার ব্যবসায়েও কিছুৃ বাংলাদেশির বিনিয়োগের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।  
নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায় নতুন বিনিয়োগের উৎস নিয়ে প্রশ্ন ওঠার অন্যতম কারণ বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক ইতিহাস। ২০২৪ সালের ডিসেম্বরে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের শাসনামলে অবৈধ আর্থিক প্রবাহের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা উদ্বেগজনক।
প্রতিবেদন অনুসারে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়া অর্থের প্রাক্কলিত পরিমাণ প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার। বছরে গড়ে ১ হাজার ৬০০ কোটি ডলার হিসাবে এই অর্থ বাংলাদেশের বিদেশি সাহায্য ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সম্মিলিত প্রবাহের দ্বিগুণেরও বেশি। শ্বেতপত্রে ব্যাংক খাতের দুর্বলতা, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্রও তুলে ধরা হয়। এই বিপুল অর্থের কতটা কোন দেশে গেছে, কারা এর সুবিধাভোগী হয়েছেন এবং কতটা অর্থ বিদেশের ব্যবসা বা আবাসন খাতে বিনিয়োগ করা হয়েছে, এসব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর এখনো পাওয়া যায়নি। তবে বিদেশে রাজনৈতিকভাবে প্রভাবশালী বাংলাদেশি ব্যক্তিদের বিপুল সম্পদের অভিযোগ যে কেবল অনুমান নয়, তার প্রমাণ মিলছে দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন তদন্ত ও আদালতের আদেশে। বিদেশে বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিদের সম্পদের অনুসন্ধানে উল্লেখযোগ্য একটি ঘটনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে ঘিরে।
চলতি বছরের ১৩ জানুয়ারি ঢাকার একটি আদালত সাবেক এই মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশে থাকা ৩৩০টি সম্পত্তি জব্দের নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আদালতে দাখিল করা তথ্য অনুযায়ী, এসব সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি বাড়ি, কম্বোডিয়ায় ১১৭টি, সংযুক্ত আরব আমিরাতে ৫৯টি এবং মালয়েশিয়ায় ৪৭টি সম্পত্তি রয়েছে। একই ঘটনায় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধ করার নির্দেশের খবরও প্রকাশিত হয়েছে।্#ী২০;
এরপর গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট আরও ৫১৮টি ফ্ল্যাট জব্দে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকার একটি আদালত। আদালতের নথি অনুযায়ী, এসব ফ্ল্যাটের মূল্য প্রায় ২৭ কোটি ১৮ লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড। এসব আদালতের আদেশ বিদেশে সম্পদ অর্জন ও সম্ভাব্য অর্থ পাচারের তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে তদন্ত ও জব্দের নির্দেশকে চূড়ান্ত অপরাধ প্রমাণ হিসেবে গণ্য করা যায় না।
যুক্তরাষ্ট্রে যৌথ অংশীদারত্বের ব্যবসা অত্যন্ত প্রচলিত। অনেক প্রতিষ্ঠান লিমিটেড লায়াবিলিটি কোম্পানি বা এলএলসি হিসেবে নিবন্ধিত হয়। এই কাঠামোয় এক বা একাধিক ব্যক্তি অর্থ বিনিয়োগ করতে পারেন। কেউ দৈনন্দিন ব্যবসা পরিচালনা করেন, কেউ ব্যবস্থাপনায় অংশ না নিয়েও মুনাফার অংশীদার হন।
এ ধরনের ব্যবস্থা সম্পূর্ণ বৈধ। তবে ব্যবসায় প্রকাশ্যে থাকা ব্যক্তি এবং প্রকৃত অর্থ সরবরাহকারী এক না হলে মালিকানার বিস্তারিত তথ্য যাচাই করা জরুরি হতে পারে। বিশেষ করে যদি কোনো ব্যবসায় বাংলাদেশে অবস্থানরত অথবা অতীতে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি অর্থ বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই বিনিয়োগ বৈধ ব্যাংকিং চ্যানেলে হয়েছে কি না, অর্থের উৎস কী এবং সংশ্লিষ্ট ব্যক্তির ঘোষিত আয়ের সঙ্গে বিনিয়োগের সামঞ্জস্য রয়েছে কি না, তা অনুসন্ধানের বিষয়।
নিউইয়র্ক স্টেটের কোম্পানি নিবন্ধনসংক্রান্ত নথি, সম্পত্তির মালিকানা দলিল, বাণিজ্যিক লিজ চুক্তি এবং আইনসম্মতভাবে পাওয়া আর্থিক রেকর্ডের মাধ্যমে এই অনুসন্ধান এগিয়ে নেওয়া সম্ভব।
এ ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে কোম্পানির প্রকৃত মালিকানা প্রকাশসংক্রান্ত বিধানে সাম্প্রতিক পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে গঠিত অনেক কোম্পানির প্রকৃত লাভভোগী মালিকের তথ্য কেন্দ্রীয়ভাবে জমা দেওয়ার বাধ্যবাধকতা আর নেই। ফলে শুধু প্রকাশ্য কোম্পানি নিবন্ধনের তথ্য দিয়ে সব বিনিয়োগকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব নাও হতে পারে। এ কারণে অর্থ পাচারকারীদের একটি অংশ যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে। 
আবাসন খাতেও অর্থের প্রকৃত উৎস শনাক্তের প্রশ্ন গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বা ফিনসেনের আবাসন লেনদেনসংক্রান্ত একটি বিধান ২০২৬ সালের ১৯ মার্চ ফেডারেল আদালত বাতিল করেন। কর্তৃপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় সংশ্লিষ্ট বিধানের অধীনে লেনদেনের প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা স্থগিত রয়েছে।
নিউইয়র্কে রেস্টুরেন্ট, গ্রোসারি ও সুপারমার্কেট ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির পেছনে বৈধ ও স্বাভাবিক অর্থনৈতিক কারণও রয়েছে। অভিবাসী জনগোষ্ঠীর সম্প্রসারণ, দক্ষিণ এশীয় খাদ্যপণ্যের বাজার, প্রবাসীদের সঞ্চয় এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসায় প্রবেশের ফলে এসব খাতে বিনিয়োগ বাড়তে পারে। তবে কোনো প্রতিষ্ঠানটি রাতারাতি গড়ে ওঠেনি। 
অন্যদিকে নিউইয়র্কে উচ্চ ভাড়া, শ্রমিকের মজুরি, বিমা, বিদ্যুৎ, নির্মাণসামগ্রী এবং পরিচালন ব্যয় ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ। ফলে নতুন প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ ও সম্ভাব্য আয় নিয়ে বাস্তবসম্মত প্রশ্ন ওঠাও স্বাভাবিক। বিশেষ করে যেসব চেইন রেস্টুরেন্ট দীর্ঘদিন উদ্বোধনের অপেক্ষায় থেকেও একাধিক শাখা প্রস্তুত রাখতে পেরেছে, সেসব প্রতিষ্ঠানের অর্থায়ন কাঠামো অনুসন্ধানের উপযুক্ত বিষয়। এখানে বড় বিনিয়োগের চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অর্থের উৎস সম্পর্কে স্বচ্ছতা।
নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ী সমাজের বড় অংশ দীর্ঘদিনের পরিশ্রম, সঞ্চয় ও উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ ছোট মুদি দোকান থেকে ব্যবসা শুরু করেছেন, কেউ দীর্ঘদিন চাকরি করে মূলধন সংগ্রহ করেছেন, আবার কেউ পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁদের এই অর্থনৈতিক অর্জন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অবস্থান শক্তিশালী করেছে। কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় কর প্রদান, নতুন বাজার তৈরি এবং অভিবাসীদের আর্থিক অগ্রগতিতে এসব ব্যবসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে একইভাবে বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন ব্যক্তিদের সঙ্গে বিদেশি ব্যবসায়িক বিনিয়োগের কোনো আর্থিক সম্পর্ক পাওয়া গেলে সেটিকে উপেক্ষা করাও জনস্বার্থের পরিপন্থী।
দায়িত্বশীল একটি সূত্র বলছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য বিনিময় এবং সন্দেহজনক সম্পদ শনাক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকিং তথ্য, কোম্পানির মালিকানা ও আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের রেকর্ড সংগ্রহ করা গেলে অর্থের গতিপথ অনুসরণ করা সম্ভব।
নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসার বর্তমান সম্প্রসারণ নিঃসন্দেহে কমিউনিটির অর্থনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এই সম্প্রসারণের কোনো অংশের সঙ্গে বাংলাদেশের অবৈধ অর্থপ্রবাহের যোগসূত্র রয়েছে কি না, সেটি যাচাই করা প্রয়োজন। বিশেষ করে নতুন চেইন রেস্টুরেন্টের দীর্ঘ প্রস্তুতিপর্ব, গ্রোসারি ও সুপারমার্কেটের একাধিক শাখা, জুয়েলারি ব্যবসায় বড় বিনিয়োগ এবং অংশীদারত্বের আড়ালে প্রকৃত অর্থ সরবরাহকারী নিয়ে ওঠা প্রশ্নগুলোকে তথ্যভিত্তিক অনুসন্ধানের আওতায় আনতে হবে।
বাংলাদেশে গত ১৫ বছরে বিপুল অর্থ বিদেশে চলে যাওয়ার প্রাক্কলন এবং বিদেশে সাবেক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সম্পদ নিয়ে চলমান আইনি কার্যক্রম এই অনুসন্ধানের গুরুত্ব বাড়িয়েছে। নিউইয়র্কের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নতুন রেস্টুরেন্টের ঝলমলে সাইনবোর্ড, সুপারশপের বিশাল আয়োজন কিংবা জুয়েলারি প্রতিষ্ঠানের চোখধাঁধানো প্রদর্শনীর আড়ালে আসলে কী ধরনের পুঁজি কাজ করছে, তার উত্তর শুধু ব্যবসার বাহ্যিক চাকচিক্যে মিলবে না।
শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়- নিউইয়র্কে কোটি কোটি ডলারের নতুন ব্যবসা গড়ে তুলছেন কারা, প্রকৃত অর্থ সরবরাহকারী কে এবং সেই অর্থের উৎস কোথায়?
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]