পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:২১ , অনলাইন ভার্সন
দীর্ঘ পাঁচ বছর পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হতে পারে।

একসময় মীরের উপস্থাপনায় ‘মিরাক্কেল’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। দর্শকপ্রিয়তার পাশাপাশি টিআরপিতেও ভালো অবস্থান ছিল অনুষ্ঠানটির। এই আয়োজনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া অনেক প্রতিযোগী পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের অবস্থান তৈরি করেন। তবে গত পাঁচ বছর ধরে নতুন কোনো মৌসুম প্রচারিত হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির নতুন মৌসুমের একটি প্রচারঝলক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সব বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

ভারতীয় গণমাধ্যমকে অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রচার শুরু হতে পারে ‘মিরাক্কেল’-এর। তবে নতুন মৌসুমে বিচারকের দায়িত্বে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান অনেক দর্শক। এ ছাড়া আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরকেও নতুন আয়োজনে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে বিষয়বস্তু ও নিয়মকানুনের ব্যাপারে সতর্ক থাকতে হয়। এতে নির্মাণসংশ্লিষ্টদের ওপর বাড়তি চাপ তৈরি হলেও নতুন মৌসুম নিয়ে আশাবাদী তিনি। দীর্ঘ বিরতির পরও ‘মিরাক্কেল’ দর্শকদের আগের মতোই আনন্দ দিতে পারবে বলে প্রত্যাশা করছেন পরিচালক।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]