শ্রীলঙ্কাকে ৪–০ গোলে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২২:১৬ , অনলাইন ভার্সন
ম্যাচ শুরুর আগে অধিনায়ক হামজা চৌধুরী বুক চিতিয়ে বলেছিলেন, ‘সাফে আমরাই ফেবারিট।’ কথাটা যে ফাঁকা বুলি ছিল না, মাঠের ফুটবল দিয়েই তার প্রমাণ দিল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে হামজার অভিষেক ম্যাচে চেনা ছন্দের চেয়েও যেন বেশি কিছু দেখা গেল। নিজে গোল করলেন, করালেন। সঙ্গে শমিত সোমের চতুর ফিনিশিং, তরুণ ফারহান আলী ওয়াহিদের জাদুকরী গোল আর শেষ দিকে রাকিব হোসেনের লক্ষ্যভেদ। সব মিলিয়ে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল টমাস ডুলির দল।

এই বড় জয়ে নিশ্চিত হয়ে গেল সাফের সেমিফাইনালের লাইনআপও। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্টো দিকে লঙ্কানদের ৪ গোলের এই বিশাল হার বিদায়ের দুয়ার খুলে দিল তাদের। আর তাতে সবচেয়ে বড় লাভ হলো হোটেল রুমে বসে খেলা দেখতে থাকা ভুটানের। শ্রীলঙ্কার বড় ব্যবধানের পরাজয়ে মাত্র ১ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে নাটকীয়ভাবে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত।

জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার (১১ নভেম্বর) শুরু থেকেই লঙ্কানদের ওপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। ম্যাচের আট মিনিটেই প্রথম গোলের দেখা মেলে। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো এক ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ফিস্ট করে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে যান শমিত সোম। প্রথম শট প্রতিহত হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি।

এগিয়ে যাওয়ার পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় স্বাগতিকেরা। ২৫ মিনিটে ফারহানের বাড়ানো নিখুঁত লং বলে বক্সে মাথা ছোঁয়ান রাকিব হোসেন। সামনে এগিয়ে আসা গোলরক্ষককে দেখে দারুণ এক ব্যাকহিল চিপ করেন হামজা, তবে বল বারের সামান্য ওপর দিয়ে চলে যায়। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ থাকেনি। বিরতির ঠিক আগে, ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে গতিতে লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে জোরালো শটে ব্যবধান ২–০ করেন স্বয়ং অধিনায়ক হামজা।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দেখা মেলে রাতের সবচেয়ে নান্দনিক মুহূর্তের। শমিতের পাস থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন ফারহান। এরপর বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে চোখজুড়ানো ড্রিবলিংয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান এই তরুণ উইঙ্গার। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা তখন কেবল দাঁড়িয়ে অসহায় চোখে দেখলেন সেই প্রদর্শনী, আর সামনে দাঁড়িয়ে থাকা হামজার চোখেমুখে ছিল ঘোর লাগা অবিশ্বাস। ম্যাচের আগেই শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি বলেছিলেন—আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবেন ফারহান। লঙ্কান কোচের সেই ভবিষ্যদ্বাণীর যেন জ্যান্ত প্রমাণ দিলেন বোরহামউড এফসিতে খেলা এই তরুণ। গোলের পর ফারহানকে মাথায় তুলে উল্লাসে মাতেন সাদ উদ্দিনরা।

৩–০ গোলে এগিয়ে যাওয়ার পর সেমিফাইনালের কথা মাথায় রেখে বদলি হিসেবে মাঠে নামেন শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও অভিজ্ঞ জামাল ভূঁইয়া। তবে গোলের ক্ষুধা তাতেও কমেনি। ম্যাচের ৮৭ মিনিটে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাকিব হোসেন। দারুণ এক চিপে স্কোরলাইন ৪–০ করেন তিনি।

গোটা ম্যাচে শ্রীলঙ্কা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। মাঠে নামার আগে হামজার সেই প্রত্যয়ী কণ্ঠের মতোই দাপুটে ফুটবলে টুর্নামেন্টের অন্য দলগুলোকে বড় এক সতর্কবার্তাই দিয়ে রাখল বাংলাদেশ।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]