ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ , অনলাইন ভার্সন
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ ও উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 

তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে উভয় নেতার মধ্যে হওয়া একটি ফোনালাপে ইরানের বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত পার্থক্য নিয়ে তুমুল কথা কাটাকাটি হয়। ট্রাম্প প্রশাসন যেখানে বর্তমানে সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক আলোচনা ও অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে, ঠিক তখনই নেতানিয়াহু সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে যাচ্ছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পকে টেলিফোন করে নতুন করে সামরিক হামলা শুরু করার তাগিদ দিচ্ছেন। তবে হোয়াইট হাউসের ভেতরের ও বাইরের একটি বড় গোষ্ঠী এবং মধ্যপ্রাচ্যের আরব মিত্ররা এই সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।

এদিকে, এই উত্তপ্ত ফোনালাপ এবং তীব্র মতবিনিময়ের খবর প্রকাশ্যে আসার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তা অস্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর একে ‘মিথ্যা সংবাদ’ ও ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে দাবি করে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান ইস্যুতে মার্কিন প্রশাসন ও ইসরায়েলি সরকারের মধ্যকার এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]