মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি

কংগ্রেসে রিপাবলিকান নেতৃত্বে থুন ও জর্ডান

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর কংগ্রেসের উভয় কক্ষে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে রিপাবলিকান পার্টি। সিনেটে জন থুন এবং প্রতিনিধি পরিষদে জিম জর্ডানকে দলটির মাইনোরিটি লিডার (সংখ্যালঘু নেতা) নির্বাচিত করা হয়েছে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে রিপাবলিকানদের নেতৃত্ব দেবেন তাঁরা। ১০ নভেম্বর মঙ্গলবার ওয়াশিংটনে পৃথক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় রিপাবলিকানরা। নির্বাচনের এই বিপর্যয়ের পর দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে নতুন নেতৃত্ব নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সিনেটে বর্তমান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির পরবর্তী নেতা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির চেয়ারম্যান জিম জর্ডান গোপন ভোটে বর্তমান সংখ্যাগরিষ্ঠ নেতা স্টিভ স্ক্যালিসকে পরাজিত করেন। জর্ডান পান ১০৬ ভোট, আর স্ক্যালিস পান ৭৩ ভোট। বর্তমান স্পিকার মাইক জনসন নেতৃত্বের এই প্রতিযোগিতায় অংশ নেননি।
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন কিংবা তা প্রতিহত করার লড়াই সহজ হবে না।
১০০ সদস্যের সিনেটে অধিকাংশ গুরুত্বপূর্ণ আইন পাসের প্রক্রিয়া এগিয়ে নিতে ফিলিবাস্টার নিয়মের কারণে সাধারণত ৬০ ভোটের সমর্থন প্রয়োজন হয়। ফলে ডেমোক্র্যাটদের অনেক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগে রিপাবলিকানদের সহযোগিতা লাগতে পারে।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো বিলে ভেটো দিলে তা অকার্যকর করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। ডেমোক্র্যাটদের নতুন সংখ্যাগরিষ্ঠতা সেই সীমার নিচে থাকায় হোয়াইট হাউজের সঙ্গে কংগ্রেসের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে ৬৫ বছর বয়সী জন থুন সাংবাদিকদের বলেন, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে না। তবে আইন প্রণয়নের প্রতিটি পর্যায়ে রক্ষণশীলদের রাজনৈতিক অগ্রাধিকার প্রতিষ্ঠায় তাঁরা অত্যন্ত সক্রিয় থাকবেন।
দক্ষিণ ডাকোটা থেকে নির্বাচিত থুন সমঝোতামূলক নেতৃত্বের জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরেই পরিচিত। তবে ট্রাম্পের কট্টর সমর্থকদের একটি অংশের অভিযোগ, অভিবাসননীতি ও নির্বাচনী সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি যথেষ্ট কঠোর অবস্থান নেননি।
নির্বাচনের পর থুন জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তাসহ রিপাবলিকান প্রশাসনের নীতিগত অর্জনগুলো ধরে রাখতে এবং ডেমোক্র্যাটদের উদ্যোগ মোকাবিলায় তাঁরা ট্রাম্পের সঙ্গে কাজ করবেন।
প্রতিনিধি পরিষদে জিম জর্ডানের নেতৃত্বে আসাকে রিপাবলিকান পার্টির আরও আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
৬২ বছর বয়সী জর্ডান দীর্ঘদিন ধরে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক মিত্র। ২০০৬ সালে প্রথম প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়া ওহাইওর এই আইনপ্রণেতা কট্টর রক্ষণশীল হাউজ ফ্রিডম ককাসের অন্যতম প্রতিষ্ঠাতা।
কংগ্রেসের শুনানি, রাজনৈতিক বিতর্ক এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। নতুন কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা সম্ভাব্য তদন্ত শুরু করলে তার মোকাবিলায় জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর জর্ডান জানিয়েছেন, আগামী দুই বছর রিপাবলিকানরা মার্কিন পরিবারগুলোর স্বার্থে লড়াই চালিয়ে যাবে। ডেমোক্র্যাটদের সরকারি ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগের বিপরীতে তাঁরা ব্যক্তি স্বাধীনতা ও রক্ষণশীল নীতির পক্ষে অবস্থান নেবেন।
মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। প্রেসিডেন্ট পদ রিপাবলিকানদের হাতে থাকলেও আইনসভায় ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষ করে বাজেট, অভিবাসননীতি, সরকারি ব্যয়, প্রশাসনিক জবাবদিহি এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সম্ভাব্য তদন্ত নিয়ে দুই দলের সংঘাত বাড়তে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, থুনের তুলনামূলক সমঝোতামূলক নেতৃত্ব এবং জর্ডানের আক্রমণাত্মক রাজনৈতিক কৌশলের সমন্বয় আগামী দুই বছরে রিপাবলিকানদের বিরোধী দলের ভূমিকা নির্ধারণ করবে।
একই সঙ্গে ২০২৮ সালের প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচন সামনে রেখে হারানো জনসমর্থন পুনরুদ্ধার করাও নতুন নেতৃত্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠবে। - রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও এবিসি নিউজ অবলম্বনে। 

ঠিকানা/শই

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]