সম্মিলিত প্রতিরক্ষা : ৬ আরব দেশের সামরিক দপ্তর হচ্ছে কুয়েতে

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২০:০০ , অনলাইন ভার্সন
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক নিরাপত্তাহীনতা ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক সহযোগিতার পরিধি আরও বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য ছয়টি আরব দেশ এবার কুয়েতে একটি উন্নত ‘ইউনিফাইড মিলিটারি কমান্ড সেন্টার’ স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে কেন্দ্রটির কার্যক্রম ও প্রতিরক্ষা জোরদারে সেখানে প্রয়োজনীয় সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।

বাহরাইনের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ বিন হাসান আল নুআইমির সভাপতিত্বে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মানামায় অনুষ্ঠিত জিসিসি জয়েন্ট ডিফেন্স কাউন্সিলের ২৩তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই নতুন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি এটিকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, কার্যক্রমের সমন্বয় সাধন এবং সম্মিলিত নিরাপত্তা জোরদারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

জাসেম মোহাম্মদ আল বুদাইউই বলেন, জিসিসি নেতারা যৌথ সামরিক কার্যক্রমের ওপর সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন এবং এর প্রতি পূর্ণ সমর্থন ও সহায়তা বজায় রেখেছেন। এটি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে তাদের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

আল বুদাইউই জোর দিয়ে বলেন, জিসিসি নেতারা মনে করেন—সদস্য রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর ওপর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা, জাতীয় স্বাধীনতা বজায় রাখা এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য প্রস্তুতি জোরদার করার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই গত এপ্রিলে জেদ্দায় অনুষ্ঠিত জিসিসি নেতাদের বিশেষ বৈঠকের নির্দেশনার কথাও উল্লেখ করেন। সেখানে যৌথ সামরিক সহযোগিতা জোরদার করার এবং অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোটটির সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা

আঞ্চলিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আল বুদাইউই জিসিসিভুক্ত দেশগুলোর ওপর ইরানের কথিত হামলার নিন্দা জানান। একই সঙ্গে এসব হামলা ও তার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতা ও সমন্বয় দেখা গেছে, তার প্রশংসা করেন তিনি।

জাসেম মোহাম্মদ আল বুদাইউই বলেন, এই প্রতিক্রিয়া উপসাগরীয় দেশগুলোর মধ্যকার সংহতিকে তুলে ধরে এবং পুনরায় নিশ্চিত করে যে, জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিষয়টি সম্মিলিত দায়িত্ব।

আল বুদাইউই গুরুত্বারোপ করে বলেন—সামরিক সক্ষমতা, গোয়েন্দা তথ্য এবং কার্যক্রমের সমন্বয়কে সন্নিবেশিত করা গেলে তা নিজ ভূখণ্ড রক্ষা, সম্পদের সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জোটটির সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

মহাসচিব মোহাম্মদ আল বুদাইউই ইরানের কথিত আগ্রাসন মোকাবিলায় জিসিসি সশস্ত্র বাহিনীর সাহস, পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

জিসিসি মহাসচিব জাতীয় দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সামরিক সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জিসিসিভুক্ত দেশগুলোর ওপর হওয়া হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়েছেন, বিশেষ করে যেসব হামলায় বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল-বুদাইউই সৌদি আরবের ওপর হুথিদের চালানো হামলাগুলোরও নিন্দা করেছেন। এর মধ্যে এমন কিছু হামলা রয়েছে, যা মুসলমানদের কাছে পবিত্র বলে বিবেচিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল।

উপসাগরীয় অঞ্চলে সামরিক সংহতি জোরদারকরণ

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান নিয়ে গঠিত জিসিসি জোট যৌথ সামরিক কাঠামো, উন্নত কর্মতৎপরতা এবং সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে সংহতি গভীর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই জোটের একটি ‘ইউনিফাইড মিলিটারি কমান্ড’ (সম্মিলিত সামরিক কমান্ড) রয়েছে, যার সদর দপ্তর রিয়াদে অবস্থিত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্মিলিত নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

কুয়েতে অনুমোদিত নতুন উন্নত কমান্ড সেন্টারটি জিসিসির যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার প্রচেষ্টারই একটি অংশ। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করার সময় এটিকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ সামরিক সহযোগিতা, কর্মতৎপরতার সমন্বয় এবং সম্মিলিত নিরাপত্তা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]