জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক  রপ্তানি সাড়ে ৯ শতাংশ বেড়েছে

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৩:২৯ , অনলাইন ভার্সন
প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার।

বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মধ্যে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশলকে কাজে লাগাচ্ছে।’

তিনি বলেন, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।

ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।

তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। ফলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে তুরস্কের অংশীদারত্বও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ে এ বাজারে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। মোট অপ্রচলিত বাজারের রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।

শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

শুধু অক্টোবর মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।

অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই তুরস্কের অবস্থান। এ মাসে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বাড়ার পাশাপাশি অন্যান্য বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]