কাকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প?

জেলে যাওয়ার আগে ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন’

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ , অনলাইন ভার্সন
লে যাওয়ার প্রস্তুতি নিন। যাওয়ার আগে স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন’—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে একটি বড় এআই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে এভাবেই হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। 

তবে ওই কর্মকর্তার নাম কিংবা কোন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত, তা প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে কেউ ক্ষতিকর কিছু করার চেষ্টা করছেন—এমন খবর তাদের কাছে এসেছিল। বিষয়টি জানার পর তিনি নিজেই ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।

ট্রাম্পের ভাষায়, ‘আমরা তাকে কড়া ভাষায় ফোন করে বলেছিলাম, জেলে যাওয়ার প্রস্তুতি নিন। যাওয়ার আগে স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন।’

তিনি আরও বলেন, ওই কর্মকর্তাকে মাত্র এক রাত সময় দেওয়া হয়েছিল। তাকে বাড়িতে ফিরে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটানোর পরামর্শও দেওয়া হয়।

ট্রাম্প বলেন, ‘আমরা তাকে বলেছিলাম, এখনই বাড়ি চলে যান। স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করুন। তাদের চুমু দিয়ে আসুন। কারণ আগামীকাল সকালে আপনাকে জেলে যেতে হবে।’

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ওই ব্যক্তি বিশ্বের বড় একটি এআই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তবে তার নাম বা প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, কঠোর হুঁশিয়ারি পাওয়ার পর ওই কর্মকর্তা তার অবস্থান পুরোপুরি পরিবর্তন করেন। এ ছাড়া এআই প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

কাকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প?
তবে ট্রাম্পের বক্তব্যের ভিত্তিতে ওই কর্মকর্তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রযুক্তি দুনিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম নিয়ে নানা আলোচনা থাকলেও সেগুলো নিছক অনুমান।

অ্যাপলের প্রধান টিম কুকের সন্তান নেই। ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের সন্তান থাকলেও তার স্বামী একজন পুরুষ।  ইলন মাস্কের একাধিক সন্তান থাকলেও তিনি বর্তমানে বিবাহবিচ্ছিন্ন।

অন্যদিকে মেটার প্রধান মার্ক জাকারবার্গ ও এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইও বিবাহিত। তবে তার সন্তান রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এদের মধ্যে কাউকেই ট্রাম্পের হুমকি পাওয়া ব্যক্তি হিসেবে চিহ্নিত করার কোনো প্রমাণ নেই। ফলে বিষয়টি নিয়ে জল্পনা থাকলেও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এআই ঝুঁকি নিয়ে যা বললেন ট্রাম্প
সাক্ষাৎকারে শুধু ওই কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনাই নয়, এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়েও কথা বলেন ট্রাম্প।

এআই গবেষকদের একাংশ প্রযুক্তিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এমনকি ভবিষ্যতে এআই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন কেউ কেউ।

তবে এসব আশঙ্কাকে অতিরঞ্জিত বলে মনে করেন ট্রাম্প। তার মতে, এআইয়ের ঝুঁকি যতটা বড় করে তুলে ধরা হচ্ছে, বাস্তবে তা ততটা ভয়াবহ নয়। যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এ ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এআই নিয়ে যে ধরনের ঝুঁকির কথা বলা হচ্ছে, বাস্তবে তা ততটা বড় নয়। আর এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।’

এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও চীনের কাছে এ প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে রাজি নন ট্রাম্প। তার মতে, যুক্তরাষ্ট্র এআই উন্নয়নে পিছিয়ে গেলে চীন এগিয়ে যাবে। এতে ওয়াশিংটন বড় ধরনের কৌশলগত অসুবিধায় পড়বে।

তিনি বলেন, ‘প্রথম কথা হলো, চীন এ প্রযুক্তি অর্জন করবেই। আমরা না পারলে চীন তা পেয়ে যাবে। এতে আমরা অবিশ্বাস্য রকমের অসুবিধায় পড়ব। এই প্রতিযোগিতা মূলত আমাদের সঙ্গে চীনের।’

এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও রাজি বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, নিরাপত্তার জন্য কিছু বিধিনিষেধে তার আপত্তি নেই। তবে এমন কোনো নিয়ন্ত্রণ চান না, যার ফলে যুক্তরাষ্ট্র এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।

ট্রাম্পের ভাষায়, ‘আমি কিছু নিরাপত্তাবিধি আরোপের বিপক্ষে নই। কিন্তু যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় অবস্থানে ঠেলে দিতে চাই না।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে দেশটিতে প্রযুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তি উন্নয়নে স্বাধীনতার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতামূলক অবস্থান বজায় রেখেছে। গত সেপ্টেম্বরে নিরাপদ এআই উন্নয়নের লক্ষ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একটি স্বেচ্ছামূলক সমঝোতায়ও সই করে।

তবে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নটি যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]