ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহার

কংগ্রেসে অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ , অনলাইন ভার্সন
মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের অনুমোদন না নিয়েই ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর করা এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে কংগ্রেসে অভিশংসনের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেন্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি গতকাল (সোমবার) পিটি হেগসেথের নামে অভিশংসনের আটটি ধারা পার্লামেন্ট অধিবেশনে উপস্থাপন করেছেন। সেসবের মধ্যে একটি ধারা হলো কংগ্রেসের অনুমোদন না নিয়ে ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান এবং ক্ষমতার অন্যান্য অপব্যবহার।

এছাড়া একক সিদ্ধান্তে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরখাস্ত করা এবং অ্যারিজোনার ডেমোক্র্যাট ও মার্কিন সিনেটর মার্ক কেলিকে বিপদে ফেলতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা— প্রভৃতি অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে অভিশংসন প্রস্তাবের ধারায়।

কংগ্রেসের রীতি অনুযায়ী আগামী ২ দিন এই অভিশংসন প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেবেন হাউস এমপিরা। সাংবাদিকদের সাথে আলাপকালে ম্যাসি দলীয় এমপিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন, রিপাবলিকান নেতৃত্ব হয়তো কোনো একটি পদ্ধতিগত প্রস্তাবের মাধ্যমে অভিশংসন প্রক্রিয়াটি খারিজ করে দিয়ে সরাসরি ভোট গ্রহণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “তারা হয়তো মূল বিষয়ের ওপর সরাসরি ভোট দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবে। কিন্তু এই আটটি অভিশংসন ধারার ওপর আমাদের ভোট নেওয়া উচিত এবং এ নিয়ে কঠোর বিতর্ক হওয়া প্রয়োজন।”

কংগ্রেসের সূত্রগুলো অবশ্য জানিয়েছে, ৩ জানুয়ারি ডেমোক্র্যাটরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের নিয়ন্ত্রণ রয়েছে। তা সত্ত্বেও, এই প্রস্তাবটি পাস হওয়ার মতো যথেষ্ট ভোট থাকতে পারে। তবে সিনেটে তাকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা কম; কারণ সেখানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, অথচ ১০০টি আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫৩টি।

এদিকে সোমবার যেদিন কংগ্রেসে হেগসেথের অভিশংসনের প্রস্তাব উত্থাপিত হলো, সেদিনই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরালোভাবে হেগসেথের পক্ষে অবস্থান ঘোষণা করেছেন। ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমের দিকে ইঙ্গিত করে রয়টার্সকে তিনি বলেছেন, “তিনি তো দুটি যুদ্ধ জিতেছেন। আমার বোধগম্য নয়, কীভাবে আপনারা তাকে অভিশংসিত করতে পারেন।”

পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হেগসেথ অভিশংসিত হলেও তিনি তার পাশে থাকবেন। পাশাপাশি কেন্টাকির এমপি ম্যাসিকে একজন ‘পুরোদস্তুর ব্যর্থ ব্যক্তি’ (স্টোন-কোল্ড লুজার) বলেও অভিহিত করেছেন তিনি।

ট্রাম্প প্রশ্ন রাখেন, “আচ্ছা, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক—যেসব জায়গায় আমরা দীর্ঘকাল যুদ্ধ করেছি কিন্তু কোনো ফলাফলই আসেনি—সেসব যুদ্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিশংসনের বিষয়ে কী বলবেন?”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও অভিশংসনের এ প্রস্তাবকে ‘অন্যায়’ উল্লেখ করে সমালোচনা করেছেন।

অন্যদিকে প্রতিনিধি পরিষদের বিরোধী দলীয় নেতা হাকিম জেফ্রিস, উচ্চকক্ষ সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমারসহ কংগ্রেসের পুরো ডেমোক্র্যাট শিবির দৃঢ়ভাবে থমাস ম্যাসির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।

আর পিট হেগসেথ নিজে বলেছেন যে তিনি ‘চিন্তিত’ নন। সোমবার এক বার্তায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নজির সামনে এনে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প দু’বার অভিসংশনের মুখে পড়েছিলেন; তার ক্ষেত্রে এটি কাজ করেনি, আমার বেলাতেও করবে না।”

যুক্তরাষ্ট্রের প্রথম এবং এখন পর্যন্ত মাত্র একবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের মুখে পড়তে হয়েছে। বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগ ১৮৭৬ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপকে অভিশংসিত করেছিল কংগ্রেস এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

থমাস ম্যাসির প্রস্তাব যদি কংগ্রেসে গৃহীত হয়— তাহলে ঠিক ১৫০ বছর পর ফের কোনো প্রতিরক্ষামন্ত্রীর অভিশংসন দেখবে যুক্তরাষ্ট্র।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]