আশ্রয়কেন্দ্রে যোগ হবে ৬০০টির বেশি কক্ষ : বাসস্টপ ও পথচারী পারাপারের জায়গা অন্তর্ভুক্ত হচ্ছে তুষার অপসারণের রুটে

শীত মোকাবিলায় ‘কোড ব্লু’ কর্মসূচিতে আরও আড়াই কোটি ডলার দিচ্ছে নিউইয়র্ক সিটি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ , অনলাইন ভার্সন
তীব্র শীতে গৃহহীন ও ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সহায়তায় ‘কোড ব্লু’ কর্মসূচিতে অতিরিক্ত আড়াই কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এই অর্থে বাড়ানো হবে আশ্রয়ের ব্যবস্থা, ভ্রাম্যমাণ উষ্ণতা সেবা এবং রাস্তায় থাকা মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার কর্মীসংখ্যা।

স্যানিটেশন বিভাগের স্প্রিং স্ট্রিট সল্ট শেডে শীতকালীন প্রস্তুতি তুলে ধরে মামদানি বলেন, গত শীতে নিউইয়র্ক সিটিতে ৪৩ দশমিক ৪ ইঞ্চি তুষারপাত হয়েছিল। মৌসুমি গড় ২২ দশমিক ৯ ইঞ্চির তুলনায় তা প্রায় দ্বিগুণ। টানা নয় দিন তাপমাত্রা হিমাঙ্কের ওপরে ওঠেনি।

বাড়ছে আশ্রয় ও উষ্ণতার ব্যবস্থা

‘কোড ব্লু’ কর্মসূচিতে অতিরিক্ত ৩০০ জন মাঠকর্মী ও কয়েক ডজন নার্স যুক্ত করা হচ্ছে। এনওয়াইসি হেলথ+ হসপিটালস ৫৫টি ভ্রাম্যমাণ উষ্ণতা ইউনিট চালু করবে, যা গত শীতের তুলনায় ২২টি বেশি। প্রতিটি ইউনিটে অন্তত একজন নিবন্ধিত নার্স বা নার্স প্র্যাকটিশনার থাকবেন। ‘কোড ব্লু’ জারি হলে সংস্থাটির অন্তত তিনটি স্থাপনা উষ্ণতা কেন্দ্র হিসেবে খোলা থাকবে। পরিস্থিতি গুরুতর হলে এ সংখ্যা বেড়ে ১১ হবে।

শীতের তীব্রতা অনুযায়ী নগরীর গৃহহীন সেবা বিভাগ আটটি ড্রপ-ইন সেন্টার, চারটি নতুন উষ্ণতা কেন্দ্র এবং ২০টি উষ্ণ বাস চালু করবে। আশ্রয়কেন্দ্রগুলোতে এক বা দুই ব্যক্তির থাকার উপযোগী ৬০০টির বেশি কক্ষও যোগ হবে। মামদানি বলেন, যাঁরা অনেকের সঙ্গে একই ঘরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের কাছে এসব কক্ষ আশ্রয়ের একটি বিকল্প হবে।

বাসস্টপ ও পথচারী পারাপারে তুষার সরাবে সিটি

পথচারীদের চলাচলের জায়গা থেকে দ্রুত তুষার সরাতে স্যানিটেশন বিভাগ এবার প্রথমবারের মতো ১২০টি স্নোব্লোয়ার ব্যবহার করবে। বাসস্টপ ও পথচারী পারাপারের জায়গাগুলো আনুষ্ঠানিকভাবে তুষার অপসারণের রুটে যুক্ত করা হয়েছে। স্ট্যাটেন আইল্যান্ডের সরু ও ঢালু সড়কগুলোর জন্য যোগ করা হয়েছে আটটি নতুন রুট।

নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা কমিশনার ক্রিস্টিনা ফ্যারেল বলেন, এবার শীতকালে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি ফারেনহাইট বেশি থাকতে পারে। বৃষ্টিপাতও বেশি হতে পারে। তবে ঝড়ের সময় বরফকণা, পিচ্ছিল রাস্তা ও ভারী ভেজা তুষারের ঝুঁকি থাকবে।

বাসায় হিট না থাকলে ৩১১

মামদানি জানান, বাসায় হিট না থাকার বিষয়ে পরিচয় দিয়ে ৩১১-এ করা প্রতিটি অভিযোগ তদন্ত করবে নগরীর আবাসন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগ। পাশাপাশি নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ২৪টি আবাসন কমপ্লেক্সে ৮৪ কোটি ৯০ লাখ ডলারের হিটিং ব্যবস্থা উন্নয়নের কাজ করছে।

বাসায় হিট না থাকলে কাছের উষ্ণতা কেন্দ্রের খোঁজ পেতে বা ঠান্ডায় বাইরে থাকা কাউকে সহায়তা দিতে ৩১১-এ ফোন করা যাবে। কেউ তাৎক্ষণিক বিপদে থাকলে ফোন করতে হবে ৯১১-এ। নগরীর আবহাওয়া সতর্কতা পেতে NotifyNYC লিখে ৬৯২-৬৯২ নম্বরে টেক্সট করা যাবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]