শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬ হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২২:৫৩ , অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ৯ নভেম্বর (সোমবার) ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে আমরা টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব, যেখানে কেবল আমাদের শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসা সেবা পাবেন। তিনি জানান, এই স্থাপনাগুলো ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং সেই লক্ষ্যেই এগুলো নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে ভেঙে ফেলা হয়েছিল যে, আগের গণতান্ত্রিক সরকারগুলোর আমলে যতটুকু অবকাঠামো গড়ে উঠেছিল, তাও অবশিষ্ট থাকেনি। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এতটাই সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল যে, মানুষ চিকিৎসার জন্য অন্য একটি দেশে যেতে বাধ্য হতো।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং দেশের খনিজ সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি; ফলে প্রতিটি বিষয়ের জন্যই দেশকে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল যা দেশে শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিরোধী দলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]