অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৪২ , অনলাইন ভার্সন
অর্থায়নের প্রাথমিক বিতর্ক দিয়ে ৯ নভেম্বর (সোমবার) তুরস্কে শুরু হয়েছে কপ-৩১ জলবায়ু সম্মেলন। বৈশ্বিক চরম ধ্বংসাত্মক আবহাওয়ার একটি বছর কাটানোর পর জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের মনোযোগী হওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। খবর বার্তা সংস্থা এএফপির।   

তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার এক বিশাল এক্সপো সেন্টারে জাতিসংঘের এই দুই সপ্তাহব্যাপী বার্ষিক জলবায়ু সম্মেলনে হাজার হাজার প্রতিনিধি সমবেত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের প্রতি এই আকুল আবেদন জানান।

ইউরোপের মারাত্মক দাবদাহ, ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল এবং নেপালের বিপর্যয়কর বন্যার পর এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বজুড়ে যখন 'এল নিনো' আবহাওয়ার তীব্র উপস্থিতি জলবায়ু বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলেছে, ঠিক তখন এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমরা চরম আবহাওয়ার এক নতুন যুগে প্রবেশ করেছি।’

জাতিসংঘের মহাসচিব বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দ্রুত কার্বন নির্গমন হ্রাস করা, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় কাজ করুন।’

কোনো ব্যাখ্যা ছাড়াই কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠানটি দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়।

অফিসিয়াল এজেন্ডায় জলবায়ু অর্থায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য উন্নয়নশীল দেশগুলোর নানা দাবির কারণে রোববার শেষ রাতেও মধ্যস্থতাকারীরা দীর্ঘ আলোচনায় ব্যস্ত ছিলেন।

গ্রিনপিসের কপ-৩১ প্রতিনিধি দলের প্রধান জ্যাসপার ইনভেন্টর বলেন, ‘কপ-৩১-এর জন্য এটি ইতোমধ্যেই একটি কঠিন সূচনা হিসেবে প্রমাণিত হয়েছে।’

জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুসারে, উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে এবং পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরে সহায়তা করতে এতদিন আর্থিক অনুদান দিয়ে আসছে। কিন্তু দরিদ্র দেশগুলোর মতে, এই অর্থের পরিমাণ একেবারেই অপর্যাপ্ত। এখানে উল্লেখ করা যেতে পারে, উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য প্রধানত দায়ী।

জ্যাসপার ইনভেন্টর জানান, গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে ধনী দেশগুলো কীভাবে উন্নয়নশীল দেশগুলোকে তহবিল প্রদান করবে তা আলোচনার জন্য একটি নতুন মঞ্চ তৈরি করা হয়েছিল; তবে সে বিষয়টিকে এই সম্মেলনের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার প্রশ্নে উন্নত দেশগুলো কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আলোচনার সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে যে, শেষ পর্যন্ত ‘জলবায়ু অর্থায়ন কর্ম পরিকল্পনাটি’ আনুষ্ঠানিক এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আফ্রিকার দেশগুলোও জলবায়ু অভিযোজন অর্থায়নের পরিমাণ তিনগুণ করার বিষয়টি এজেন্ডায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল; যা দরিদ্র দেশগুলোকে সমুদ্র রক্ষা বাঁধ নির্মাণ বা খরা-সহনশীল ফসল রোপণের মতো অভিযোজন ব্যবস্থার জন্য অর্থ প্রদানে সহায়তা করে।

সূত্রটি আরও জানায় যে, অভিযোজন অর্থায়ন তিনগুণ করার বিষয়ে পৃথক কোনো এজেন্ডা পয়েন্ট থাকবে না, তবে অন্যান্য বিষয়ের অধীনে এটি নিয়ে আলোচনা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে, কপ-৩১-এ নতুন কোনো অতিরিক্ত আর্থিক প্রতিশ্রুতির ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছার অভাব রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, তেল আমদানির ওপর ধাক্কা এবং মার্কিন-ইরান যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাতের কারণে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনার মুখোমুখি হওয়ায় কপ-৩১-এ বড় ধরনের কোনো অগ্রগতি বা সমঝোতার আশা খুব কমই রয়েছে।

এবারের কপ-৩১ সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করলেও একটি অস্বাভাবিক ব্যবস্থার অধীনে অস্ট্রেলিয়া আলোচনা ও মধ্যস্থতার মূল দায়িত্বে রয়েছে; যা সম্মেলনটি কে আয়োজন করবে তা নিয়ে বিরোধ মেটালেও, এটি কীভাবে কাজ করবে তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে কপ-৩১ সভাপতি এবং তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম এবং অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন করতালির মধ্যে একসাথে হাত উঁচিয়ে ধরে তাদের মধ্যকার সহযোগিতার প্রশংসা করেন।

দীর্ঘদিন ধরে একের পর এক চুক্তি এবং উচ্চাকাঙ্ক্ষী ঘোষণার পর এই দুই দেশ এবারের সম্মেলনটিকে প্রতিশ্রুতিগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার লক্ষ্যে ‘বাস্তবায়নমূলক কপ’ হিসেবে চিহ্নিত করেছে।

তবে জলবায়ু নিয়ে এই বৈশ্বিক কূটনীতিতে এখনো বড় এক খেলোয়াড়ের অনুপস্থিতি রয়েছে, কারণ জলবায়ু-সন্দেহবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কপ৩১ সম্মেলনে তাঁর কোনো সরকারি প্রতিনিধি পাঠাননি।

তবে গত সপ্তাহের ঐতিহাসিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে বেশ প্রফুল্ল মেজাজে থাকা ডেমোক্র্যাটদের একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দল আনতালিয়ায় সম্মেলনে অংশ নিতে আসছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]