পাসপোর্ট চেয়ে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:০০ , অনলাইন ভার্সন
বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনা তাকে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন বলে মনে করছেন সাবেক অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তার মতে, ক্ষমতাচ্যুত সাবেক এ প্রধানমন্ত্রী পাসপোর্ট চেয়ে আবেদন করার অর্থ বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার মত পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি।
ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেজে সোমবার দুপুরে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এসব মন্তব্য করেন।

‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে ওই স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, “বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মত পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

“পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।
“শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।”

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]