কপ৩১: জলবায়ু সম্মেলনে এবার বাংলাদেশের প্রত্যাশা কী?

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৪ , অনলাইন ভার্সন
একেকটি জলবায়ু সম্মেলন আসে, আর নতুন করে সামনে আসে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর সুরক্ষার প্রতিশ্রুতি। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে নানা অঙ্গীকার হয়, ঘোষণা আসে নতুন তহবিলের। কিন্তু প্রতিশ্রুত অর্থের কতটা বাস্তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছায়, আর কতটা বাস্তবায়িত হয়—সেই প্রশ্ন থেকেই যায়।

এই বাস্তবতার মধ্যেই এবার তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের বাস্তবায়ন, জলবায়ু অভিযোজনের অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তার বিষয়গুলো এবার আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। 

সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। তাঁর সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিচ্ছেন।

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধান লক্ষ্য তিনটি—জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় পর্যায়ের জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা। বিশেষ করে অভিযোজন তহবিল তিন গুণ করা, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়ন বাড়ানো এবং ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, “বাংলাদেশ এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে।”

তবে এবারের সম্মেলন থেকে বাংলাদেশ কতটা অর্জন করতে পারবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সতর্কতা রয়েছে। কারণ, জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি এলেও সেগুলোর বাস্তবায়নে বড় ধরনের ঘাটতি থেকে যায়। ফলে বাংলাদেশের জন্য এবার শুধু নতুন প্রতিশ্রুতি আদায় নয়, আগের অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।

বাস্তবায়নের প্রশ্নে এবারের সম্মেলন
জলবায়ু বিজ্ঞানী ড. আতিক রহমানের মতে, কপ সম্মেলনে প্রতিটি দেশই একটি পক্ষ বা পার্টি। স্বল্পোন্নত দেশগুলোর জোটের নেতৃত্বে থেকে বাংলাদেশ অতীতে জলবায়ু আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের প্রক্রিয়ায় থাকলেও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর নেতা ও মুখপাত্র হিসেবে জলবায়ু আলোচনায় এগিয়ে ছিল। এখনো আমাদের চাওয়া-পাওয়া এবং আলোচনার সূচিতে কী আছে, সে বিষয়ে মতামত দিতে হয়। তবে আলোচনা ও দরকষাকষির সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়, বাস্তবায়নের পর্যায়ে অনেক সময় সেগুলোর পরিবর্তন ঘটে।”

জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতের মতে, এবারের কপ সম্মেলন মূলত আগের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক পর্যায়ে অনেক রাজনৈতিক ও প্রক্রিয়াগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু অর্থায়ন, পর্যবেক্ষণ এবং বাস্তব প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে।

তিনি বলেন, “এবারের বৈঠকটি গুরুত্বপূর্ণ মূলত বাস্তবায়নের দিক থেকে। অনেক রাজনৈতিক ও প্রক্রিয়াগত সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি থাকে। যে অর্থায়নের প্রতিশ্রুতি ছিল, তার ফান্ড বা প্রক্রিয়া তৈরি হলেও মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে দেখতে হবে বাস্তব কার্যকারিতা কতটুকু।”

আইনুন নিশাতের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রস্তুতির প্রয়োজনীয়তাও বাড়ছে। কিন্তু পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন অনেক ক্ষেত্রে সীমিত।

তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন দেশে ঘূর্ণিঝড়সহ চরম আবহাওয়াজনিত দুর্যোগের প্রকোপ বাড়ছে। বাংলাদেশও এ ধরনের ঝুঁকির বাইরে নয়। তাই শুধু দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা তৈরি করলেই হবে না, উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটি পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

জলবায়ু সম্মেলনের পটভূমি ও গুরুত্ব
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের ধারাবাহিকতায় প্রতিবছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এর সূচনা ১৯৯৫ সালে। এর আগে ১৯৯০ সালে জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি পর্যালোচনার জন্য গঠিত হয় ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। সংস্থাটির মূল্যায়ন প্রতিবেদনগুলো বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৯৯২ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) গৃহীত হওয়ার পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। এরপর ১৯৯৫ সাল থেকে প্রতিবছর কনফারেন্স অব পার্টিজ বা কপ সম্মেলনের মাধ্যমে দেশগুলো জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ করে আসছে।

২০১৫ সালের প্যারিস চুক্তি এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়।

কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বড় ব্যবধান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এবারের সম্মেলনে এসব প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি পর্যালোচনা এবং কার্যকর বাস্তবায়নের পথ তৈরি করা জরুরি।

অভিযোজন তহবিল তিন গুণ করার দাবি
বাংলাদেশের এবারের অন্যতম প্রধান দাবি জলবায়ু অভিযোজনের জন্য আন্তর্জাতিক তহবিল বাড়ানো। বিশেষ করে উপকূলীয় এলাকার সুরক্ষা, কৃষি ও পানির নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে অর্থায়ন চায় বাংলাদেশ।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী ইতোমধ্যে তুরস্কের আনতালিয়ায় পৌঁছে সম্মেলনের প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নিয়েছেন। তিনি জানান, দুই দিনব্যাপী স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বৈঠকে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর, ক্ষয়ক্ষতি এবং অভিযোজনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ এবার জলবায়ু অভিযোজনের তহবিল বাড়িয়ে তিন গুণ করার দাবি জানাবে। জলবায়ু ক্ষয়ক্ষতি সংক্রান্ত তহবিলও বাড়াতে চাই। মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামে ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য ধরে রাখতে চাই। ইউএই ওয়ার্ক প্রোগ্রামের অধীনে গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশনের নির্দেশক ও সহনশীলতা অর্জনের জন্য তহবিল নিশ্চিত করতে চাই।”

২০২৮ সালে অনুষ্ঠেয় গ্লোবাল স্টকটেক নিয়েও এবারের সম্মেলনে আলোচনা হবে বলে জানান তিনি।

২০১৫ সালের প্যারিস চুক্তির ৭ নম্বর অনুচ্ছেদের আওতায় গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন (জিজিএ) বা বৈশ্বিক অভিযোজন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি অভিযোজনের সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ লক্ষ্য বাস্তবায়নে পর্যাপ্ত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মির্জা শওকত আলী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অর্জনকে শুধু একটি দেশের লাভ-ক্ষতির হিসাবে বিবেচনা করা উচিত নয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা গেলে তা পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশের জন্যও বড় অর্জন হবে।

তবে বাংলাদেশের মূল উদ্বেগ জলবায়ু সহনশীলতা অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা। তিনি জানান, বাংলাদেশ সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রতিবছর প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার জলবায়ু-সম্পর্কিত খাতে বরাদ্দ দেয়। জাতীয় পর্যায়ের প্রস্তুতি ও সক্ষমতার দিক থেকেও বাংলাদেশ অনেক স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

আগের প্রতিশ্রুতি, অর্থপ্রাপ্তিতে এখনো ঘাটতি
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে একাধিক তহবিল ও অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও সেসব অর্থ পাওয়া এবং প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এখনো জটিল। বিশেষ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিলের আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা বড় বাধা হয়ে আছে।

গত ২৪ অক্টোবর এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাস্তব প্রাপ্তির ব্যবধান তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট তহবিল, বিশেষ করে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থপ্রাপ্তি সহজ করতে হবে। পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা, কৃষি ও পানির নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তা এবং প্রকল্প গ্রহণে কারিগরি সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

তাঁর মতে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের কাছে অর্থ পৌঁছানোর প্রক্রিয়া সহজ করতে হবে, যাতে তারা সময়মতো প্রয়োজনীয় সহায়তা পায়।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও অনুদানভিত্তিক অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু তহবিলে আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া সহজ করতে হবে।

মন্ত্রী বলেন, “এই ফান্ডের পরিমাণ যখন বাড়ানো হবে, তখন আমাদের মতো দেশগুলো সেই ফান্ডের জন্য আবেদন করবে এবং সেখান থেকে অর্থ ছাড় করা হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো যাতে আরও বেশি অর্থ পায়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান ও দাবি সম্মেলনে তুলে ধরা হবে।”

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেন তিনি। তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক নির্ধারণের চেয়ে আন্তর্জাতিক আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোর জোটের অবস্থান ও নীতিগত দাবিকে গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী।

জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থের সংকট
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ২০২২ সালে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) প্রণয়ন করে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় আন্তর্জাতিক অর্থায়ন এখনো পর্যাপ্ত নয়।

মির্জা শওকত আলী বলেন, ২৭টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশও জাতীয় অভিযোজন পরিকল্পনা জমা দিয়েছে। তবে বাস্তবায়নের জন্য এখনো প্রত্যাশিত আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া যায়নি। নিজস্ব অর্থায়নে কিছু কার্যক্রম শুরু হলেও পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তর্জাতিক তহবিল জরুরি।

২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সমষ্টিগত পরিমাণগত অর্থায়ন লক্ষ্য বা নিউ কালেক্টিভ কোয়ান্টিফায়েড গোল (এনসিকিউজি) কাঠামোর আওতায় ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের দাবি, এই অর্থায়নের একটি উল্লেখযোগ্য অংশ অভিযোজন ও জলবায়ু সহনশীলতা অর্জনে ব্যয় করতে হবে এবং অভিযোজনের জন্য বরাদ্দ তিন গুণ বাড়াতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক একেএম সাইফুল ইসলাম মনে করেন, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি জলবায়ু অর্থায়ন ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্ত, বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিগ্রহ এবং তেলসমৃদ্ধ দেশগুলোর অবস্থানের কারণে জলবায়ু আলোচনায় ঐকমত্য তৈরি কঠিন হয়ে উঠেছে।

তাঁর মতে, কপ৩১ সম্মেলনে অভিযোজন তহবিল, উপকূলীয় এলাকার সুরক্ষা, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরাসরি অনুদান ও প্রযুক্তি সহায়তা এবং দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। পাশাপাশি জ্বালানি খাতের পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বিকল্প জীবিকা, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় থাকা প্রয়োজন।

এ ছাড়া কার্বন ক্রেডিট, প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখা এবং বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বাস্তবায়নও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

কপ সম্মেলনে বাংলাদেশের দরকষাকষির সীমাবদ্ধতা
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হলেও আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় এককভাবে নিজেদের দাবি আদায়ের সুযোগ সীমিত। এখানে বিভিন্ন দেশের জোট, রাজনৈতিক অবস্থান এবং বৈশ্বিক স্বার্থের সমীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অধ্যাপক আইনুন নিশাতের মতে, অতীতে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে। ফলে জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশি বিপদাপন্ন দেশও রয়েছে।

তিনি বলেন, কপ সম্মেলনে শুধু বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা হয় না। এখানে আলোচনার দুটি পৃথক ক্ষেত্র রয়েছে। একটি হলো ব্লু এরিয়া, যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকারি প্রতিনিধিরা প্যারিস চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মূল নীতিগত আলোচনা ও দরকষাকষি করেন। অন্যটি গ্রিন এরিয়া, যেখানে নাগরিক সমাজ, এনজিও এবং বিভিন্ন সংগঠন নিজেদের দাবি ও উদ্বেগ তুলে ধরে।

তাঁর মতে, মূল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনায়। তাই বাংলাদেশের সরকারপ্রধান, পরিবেশমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আলোচনাই এ ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।

আইনুন নিশাত বলেন, দ্বিপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের জন্য অর্থায়ন ও জলবায়ু ঝুঁকির বিষয়গুলো তুলে ধরার সুযোগ রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিংবা গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির প্রধানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপ্রধানরা নিজেদের অবস্থান তুলে ধরে আলোচনায় প্রভাব ফেলতে পারেন।

বাংলাদেশের অবস্থানপত্র ও আন্তর্জাতিক সমন্বয়
সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সরকারি-বেসরকারি সংস্থা এবং জলবায়ু বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রতিনিধিদল জাতীয় স্বার্থে কাজ করবে।

তিনি বলেন, “কপ৩১ সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা হলো, অর্থায়ন ও বাস্তবায়ন সহায়তায় সুনির্দিষ্ট অগ্রগতি, যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় কাজে আসবে।”

সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে ১০০ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। সেখানে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের অভিজ্ঞতা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে পাটের প্যাভিলিয়ন।

এসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, বিভিন্ন দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং নীতিগত সংলাপের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রতিশ্রুতি নয়, বাস্তব ফল চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা দীর্ঘদিনের। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বহুমাত্রিক ঝুঁকি দেশের মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে। এসব ঝুঁকি মোকাবিলায় নিজস্ব অর্থায়নে বাংলাদেশ নানা উদ্যোগ নিলেও দীর্ঘমেয়াদি অভিযোজন এবং জলবায়ু সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

কিন্তু অতীতের সম্মেলনগুলোতে ঘোষিত অর্থায়ন ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে গত বছরের কপ৩০ সম্মেলনেও বাংলাদেশের জন্য বড় কোনো সরাসরি আর্থিক প্রাপ্তি বা দৃশ্যমান সাফল্য আসেনি। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়েও দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি।

এবার তাই বাংলাদেশের প্রত্যাশা শুধু নতুন ঘোষণা বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়। জলবায়ু অভিযোজনের তহবিল বৃদ্ধি, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন সহজ করা, ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পাওয়া—এসব দাবির বাস্তব অগ্রগতি দেখতে চায় ঢাকা।

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ন্যায্য সহযোগিতা পাওয়া বাংলাদেশের জন্য শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, এটি জলবায়ু ন্যায়বিচারেরও প্রশ্ন। ফলে আনতালিয়ার সম্মেলনে বাংলাদেশের সাফল্য কতগুলো প্রতিশ্রুতি আদায় হলো, শুধু তার ভিত্তিতে নয়; বরং সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা অর্থায়ন, প্রযুক্তি ও মানুষের সুরক্ষায় রূপ নেয়, তার ভিত্তিতেই মূল্যায়িত হবে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]