নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে দশম প্রতিষ্ঠাবার্ষিকী, শাহ নেওয়াজের নেতৃত্বে সেবার মান ও পরিধি আরও বাড়ানোর প্রত্যয়

এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ , অনলাইন ভার্সন

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে হোমকেয়ার সেবার পরিচিত ও জনপ্রিয় নাম গোল্ডেন এজ হোমকেয়ার। প্রবীণ, অসুস্থ ও দৈনন্দিন জীবনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পূর্ণ করেছে এক দশক। দীর্ঘ এই পথচলার মাইলফলক উদযাপনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান।

৮ নভেম্বর রোববার সন্ধ্যা ছয়টায় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে অবস্থিত লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন। গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের সেবামূলক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ প্রতিষ্ঠানের দশ বছরের পথচলা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সেবাকর্মী, সেবাগ্রহীতা, তাঁদের পরিবার এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শাহ নেওয়াজ বলেন, “দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। আমরা যখন গোল্ডেন এজ হোমকেয়ারের কার্যক্রম শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকে প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি।”

তিনি বলেন, “একটি পরিবারের প্রবীণ সদস্য যখন অসুস্থ হয়ে পড়েন, তখন শুধু ওই ব্যক্তি নন, পুরো পরিবারই উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। আমরা সেই পরিবারের পাশে দাঁড়াতে চাই। একজন মানুষ যেন নিজের পরিচিত পরিবেশে, নিজের ভাষায় কথা বলে এবং নিজের সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রেখে যত্ন পান, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে কর্মীদের অবদানের কথা উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, “আজকের এই অর্জন আমার একার নয়। আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।”

তিনি আরও বলেন, “আমরা শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাইনি; চেয়েছি মানুষের প্রয়োজনের সময় নির্ভরতার একটি জায়গা তৈরি করতে। আগামী দিনগুলোতেও সেবার মান, জবাবদিহি এবং মানুষের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেমন আনন্দের, তেমনি আগামী দিনের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং গোল্ডেন এজ হোমকেয়ারের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারকে শুভেচ্ছা জানানো হয়। এক দশকের সেবামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে শুভানুধ্যায়ীদের এই ফুলেল অভিনন্দন অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তোলে।

প্রবাসী কমিউনিটির সেবায় এক দশক : নিউইয়র্কে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং বাড়িতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের চাহিদাও বেড়েছে। কর্মব্যস্ত জীবনে পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যেসব পরিবারে একাধিক সদস্য কর্মজীবনে ব্যস্ত, সেখানে পেশাদার হোমকেয়ার সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এমন বাস্তবতায় ২০১৬ সালে যাত্রা শুরু করে গোল্ডেন এজ হোমকেয়ার। প্রতিষ্ঠার পর থেকেই প্রবীণ, অসুস্থ এবং দৈনন্দিন জীবনযাপনে সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের সেবাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার। প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদনপ্রাপ্ত। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রতিষ্ঠানটির সেবার পরিধি রয়েছে।

বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির ভাষাগত ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক। বিশেষ করে অনেক প্রবীণ অভিবাসী ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁদের জন্য মাতৃভাষায় যোগাযোগের সুযোগ এবং পরিচিত সাংস্কৃতিক পরিবেশে সেবা গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ।

গোল্ডেন এজ হোমকেয়ারের সেবাদাতাদের মধ্যে বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় যোগাযোগের সুবিধা রয়েছে। এতে সেবাগ্রহীতা ও পরিচর্যাকারীদের মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি প্রবীণদের মানসিক স্বস্তি ও নিরাপত্তাবোধ বাড়ানোর সুযোগ তৈরি হয়।

প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড এবং পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) সেবার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিজ বাড়িতে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি করে। ব্যক্তিগত পরিচর্যা, দৈনন্দিন কাজকর্মে সহায়তা এবং নির্ধারিত সেবাপরিকল্পনা অনুযায়ী সহযোগিতা প্রদানের মাধ্যমে প্রবীণ ও অসুস্থ মানুষের জীবনযাত্রা সহজ করাই এ ধরনের সেবার মূল উদ্দেশ্য।

স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ : হোমকেয়ার সেবা শুধু প্রবীণ ও অসুস্থ মানুষের পরিচর্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিউইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর জন্য এ খাত একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের ক্ষেত্রও। বিশেষ করে অভিবাসী নারী, নতুন কর্মজীবী এবং স্বাস্থ্যসেবামূলক পেশায় যুক্ত হতে আগ্রহীদের জন্য হোমকেয়ার খাত অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করছে।

গোল্ডেন এজ হোমকেয়ারও পরিচর্যাকারী ও সেবাগ্রহীতাদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে এই বৃহত্তর সেবাব্যবস্থার অংশ হিসেবে কাজ করছে। এর মাধ্যমে একদিকে প্রবীণ ও অসুস্থ মানুষ প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে পরিচর্যা পেশায় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর জন্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশি সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার একটি দীর্ঘ সামাজিক ঐতিহ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যস্ত কর্মজীবন ও পরিবর্তিত পারিবারিক বাস্তবতায় পেশাদার হোমকেয়ার সেবা সেই সামাজিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে।

পরিবর্তিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ : গত এক দশকে নিউইয়র্কের হোমকেয়ার খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সরকারি নীতিমালা, সেবাগ্রহীতাদের যোগ্যতা নির্ধারণ, পরিচর্যাকারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থানের শর্ত এবং সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

একই সঙ্গে বেড়েছে রোগীর নিরাপত্তা, সেবার গুণগত মান এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির গুরুত্ব। প্রতিযোগিতামূলক ও কঠোরভাবে নিয়ন্ত্রিত এই খাতে টিকে থাকা এবং ধারাবাহিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন পেশাদার ব্যবস্থাপনা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

এমন একটি খাতে গোল্ডেন এজ হোমকেয়ারের দশ বছর পূর্তি প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতেও অভিবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও নেতৃত্বের একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটির পথচলা বিবেচিত হচ্ছে।

আগামী দশকে আস্থা ধরে রাখার প্রত্যয় : দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ার তার পথচলার নতুন অধ্যায়ে প্রবেশ করল। সামনে রয়েছে পরিবর্তিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সেবার মান বজায় রাখা, পরিচর্যাকারীদের দক্ষতা ও পেশাদারত্বের ওপর গুরুত্ব দেওয়া এবং ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর প্রয়োজন পূরণের চ্যালেঞ্জ।

প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজের নেতৃত্বে গত এক দশকে প্রতিষ্ঠানটি প্রবাসী কমিউনিটিতে যে পরিচিতি গড়ে তুলেছে, ভবিষ্যতে সেই আস্থা ধরে রাখাই হবে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

দশম প্রতিষ্ঠাবার্ষিকীর এই উদযাপন তাই কেবল একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রার উপলক্ষ নয়; বরং প্রবাসে নিজেদের কমিউনিটির প্রবীণ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের জীবনযাত্রাকে সহজ করা এবং সেবামূলক কর্মকাণ্ডে অভিবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণের এক দশকের গল্প।

নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও মানুষের আস্থাকে পুঁজি করে গোল্ডেন এজ হোমকেয়ার এখন এগিয়ে যেতে চায় তার পথচলার দ্বিতীয় দশকে।

ঠিকানা/শই 

Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]