মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০২ , অনলাইন ভার্সন
মিসরের রাজধানী কায়রোর প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে এ কার্যক্রম চালানো হচ্ছে। তবে কখন নাগাদ ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। পাশাপাশি তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারিগরি কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অন্যতম পুরোনো ও বৃহৎ রেল নেটওয়ার্ক রয়েছে মিসরে। দেশটিতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে রেল দুর্ঘটনায়। তবে রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে কয়েক বিলিয়ন মিসরীয় পাউন্ড বিনিয়োগ করছে সরকার।

মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। ওই সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রেনের সাতটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৬০ জন নিহত হন। সূত্র : রয়টার্স

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]