নেতানিয়াহু নয়, আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ , অনলাইন ভার্সন
বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বদলে বিরোধী দলের জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ নির্বাচনে নেতানিয়াহু বা আইজেনকোট কারও জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে আরব দলগুলো সমর্থন দিয়েছে। এর প্রেক্ষিতে এখন তাকে প্রথমে সরকার গঠনের সুযোগ দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম বিবিসি রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, আজ থেকে আগামী ২৮ দিনের মধ্যে আইজেনকোটকে সরকার গঠন করতে হবে। তবে এটি আরও ১৪ দিন বর্ধিত করা হতে পারে।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এক্সে লিখেছেন, “এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সব করব।”

ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সবাইকে জোট করেই সরকার গঠন করতে হয়েছে।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয় পেয়েছে। অপরদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। এরফলে ইসরায়েলের নতুন সরকার গঠনে তারা এখন কিংমেকারে পরিণত হয়েছে। যদি আইজেনকোট ও তার জোট আরবদের সঙ্গে একত্রিত হয় তাহলে আগামীকালই তিনি সরকার গঠন করতে পারবেন।

তবে আইজেনকোট আরব দলগুলোর সঙ্গে জোট করতে এখন পর্যন্ত অনীহা প্রকাশ করেছেন। তার জোটে ইহুদিবাদী যেসব দল আছে তারা আরবদের সঙ্গে মিলতে চান না। এখন তারা অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর তিনি আইজেনকোতকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। যা নেতানিয়াহু এবং আইজেনকোট উভয়কে অবহিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদের জন্য আইজেনকোটের জন্য ৬৭টি আসনের সমর্থন এসেছে। অপরদিকে নেতানিয়াহুর জন্য প্রস্তাব এসেছে ৪৬টি আসনের।

ইসরায়েলের নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে ৬১টি আসন পেতে হয়। সূত্র: বিবিসি

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]