​আবারও ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৭:৪৬ , অনলাইন ভার্সন
সংগীতপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার একটি কনসার্টে গান গাওয়ার কথা ছিল তার। জাতীয় নির্বাচনে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া সে কনসার্টটিই এবার মাতাতে আসছেন গায়ক। সংগীতপ্রেমীদের সুখবরটি দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন। ২৫ জুন (বৃহস্পতিবার) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্ট পোস্টারে গায়কের একটি ছবি আপলোড করে সুখবরটি জানানো হয়।

ক্যাপশনে আয়োজক প্রতিষ্ঠান জানায়, অপেক্ষার প্রহর শেষে প্রতিশ্রুতি পূরণের সময় হয়েছে। তাদের স্থগিত হওয়া কনসার্টটি অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের আগামী ২৪ জুলাই।
 
পোস্টে আরও জানানো হয়, স্থগিত হওয়া কনসার্টের টিকিট যারা কিনেছিলেন তারা পুরনো টিকিট দিয়েই এ কনসার্ট উপভোগ করতে পারবেন। যারা টিকিটের টাকা ফেরতের আবেদন করেছেন তারা চাইলে আবেদনটি বাতিল করে পুনরায় টিকিট সংগ্রহ করতে পারেন।
 
পোস্টের একেবারে শেষে জানানো হয়, নতুন টিকিট বিক্রি, কনসার্টের ভেন্যু এবং অন্যান্য সব বিষয়ে বিস্তারিত তথ্য খুব শিগগিরই অফিশিয়ালি ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
 
গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আতিফ আসলামের কনসার্টটির। কিন্তু অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর জারি হওয়া নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কনসার্টটি স্থগিত হয়।

কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানায় অনুষ্ঠানটি বাতিল নয় বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। নির্ধারিত তারিখ ১৩ ডিসেম্বরের ৭ মাস পর সে কনসার্টের আয়োজন করছেন আয়োজক সংশ্লিষ্টরা। 

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]