শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?’

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ , অনলাইন ভার্সন
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে ব্যঙ্গাত্মক গান গেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জামালখান এলাকায় গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমার উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সমাবেশে শহীদ ওসমান হাদি হত্যাসহ পিলখানা, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। কর্মসূচির শেষ পর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে সালাহউদ্দীন আম্মার ‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?’—এমন ব্যঙ্গাত্মক ও চটুল সুরে গান পরিবেশন করেন। গানে তিনি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড, অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ, বিভিন্ন সহিংসতার চিত্র এবং সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়েও বিভিন্ন কথা তুলে ধরেন।

পরিবেশনার একেবারে শেষাংশে সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি গেয়ে ওঠেন, ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়।’ তার এই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং উপস্থিত কর্মীদের মধ্যে তীব্র উৎসাহ ও আলোচনা তৈরি করে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]