রাশেদ খাঁনের দাবি

আমির হামজার নারী কেলেঙ্কারির বিষয়টি জানতেন জামায়াত আমির

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০২:০১ , অনলাইন ভার্সন
জামায়াতে ইসলামীর হাতে দেশের নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। এসব ঘটনা বারবার সামনে এলেও জামায়াত তাদের এসব এমপিদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইভাবে আদর্শের বাইরে গিয়ে চলতে থাকলে জামায়াত ধ্বংস হয়ে যাবে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত মুখে ইসলামের কথা বলে। কিন্তু জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত। এরই মধ্যে গতকাল থেকে কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজার অডিও রেকর্ড আমার কাছে এসেছে। আমি সেটির ফ্যাক্ট চেক করে সত্যতাও পেয়েছি।’

তিনি বলেন, ‘জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়। দেখুন, এসব ঘটনা বারবার সামনে এলেও জামায়াত তাদের এসব এমপিদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ভাবে আদর্শের বাইরে গিয়ে চলতে থাকলে জামায়াত ধ্বংস হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘জামায়াতের আমির এমপি আমির হামজার নারী কেলেঙ্কারি বিষয়ে জানতেন। আমি তাকে বলব আমির হামজাকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করেন। এরকম লম্পটদের নিয়ে জামায়াত রাজনীতি করতে পারে না। জামায়াত আমিরকে এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি এই লম্পটদের নিয়ে জামায়াতের রাজনীতি শরিয়া কায়দায় চালাবেন নাকি এদের দল থেকে বহিষ্কার করে আগের জামায়াতে ফিরে যাবেন।’

জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে জামায়াতের রাজনীতি হলো ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা। বিদেশিদের সাথে বৈঠকে তারা দাবি করে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েমের কথা বলেনি, অথচ তাদের গঠনতন্ত্রেই তা স্পষ্ট উল্লেখ রয়েছে।’

এনসিপি ও জামায়াতের সম্পর্ক টিকবে না দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। যা কখনো একটার সঙ্গে আরেকটা মিশে না। তারা একসঙ্গে রাজনীতিও করতে পারে না। এটা তাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে মেলে না।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতৃত্বরা এনসিপি থেকে বের হয়ে যায়। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্বরা মেনে নিতে পারেনি। এখন আবার সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে গেলেন। এনসিপি যদি জামায়াত জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন, তারা এভাবেই এনসিপি থেকে দিনে দিনে বের হয়ে আসবে। নাহিদ ইসলামকে বলব, জামায়াত থেকে বের হয়ে রাজনীতি করুন।’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনিকে ইঙ্গিত করে ‘নাম নিতেও রুচিতে বাধে’ বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘কিছু তারকা সমাজকে কলুষিত ও বিপথগামী করছেন।’

সাংবাদিক রাজুর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘রাজুকে আমি চিনি, অত্যন্ত ভালো ছেলে। তার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা প্রকাশ করছি। এসব তারকা, আমি নাম না বলি, নাম নিতে আসলে রুচিতে বাধে। এসব তারকা সমাজকে কলুষিত করছে, সমাজকে নষ্ট করছে, সমাজকে বিপথগামী করছে। আর আমি মনে করি, এই সমাজের অন্যায়-অপরাধ সেগুলো জাতির সামনে তুলে ধরছেন সমকালের সাংবাদিক রাজুরা।’

তিনি আরও বলেন, ‘রাজুরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। জুলাই গণঅভ্যুত্থানের সময় একজন সাংবাদিক হিসেবে কীভাবে ভূমিকা রাখতে হয়, কত সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখতে হয়, সেটি এই রাজু দেখিয়েছিলেন। রাজু একজন বীর জুলাই যোদ্ধা। তার সঙ্গে যে অন্যায় হয়েছে, তাকে যে ব্লেম দেওয়া হয়েছে, আমি মনে করি অবশ্যই এর বিচার হওয়া দরকার।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ, সকল জুলাই যোদ্ধা সাংবাদিক জুলাই যোদ্ধা রাজুর সঙ্গে রয়েছি। আমি রাজুকে বলতে চাই, আপনি একা নন, আমরা সবাই আপনার ভাই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং রাজুর সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার দাবি করছি।’

এ সময় জেলা বিএনপির সহসভাপতি কে এম ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি জাহিদ জোয়ার্দ্দার, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]