মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত আর্জেন্টিনার

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ , অনলাইন ভার্সন
 
আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বর্ণাঢ্য অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি ঘটার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা—ফুটবলের জাদুকরের বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সির নতুন উত্তরাধিকারী কে হতে যাচ্ছেন? ধারণা করা হচ্ছিল, ফিফার নভেম্বর উইন্ডোতেই সেটি জানা যাবে। তবে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ বলছে ভিন্ন কথা।

‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, এখনই তাড়াহুড়ো করে এই ঐতিহাসিক জার্সি কাউকে দিতে চাইছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও অন্য ম্যাচগুলোতে আপাতত অব্যবহৃতই থাকবে মেসির এই ১০ নম্বর জার্সিটি। মাঠে বা কারো গায়ে না থাকলেও তা সযত্নে ঝুলবে দলের ড্রেসিংরুমে।

আগামী ১৩ নভেম্বর বিখ্যাত ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মেসি-পরবর্তী যুগে পা রাখতে চলেছে আলবিসেলেস্তেরা। প্রায় দুই দশক ধরে যে জার্সি গায়ে জড়িয়ে বিশ্বজুড়ে মুগ্ধতা ছড়িয়েছেন মেসি, তার অবসরের পর সেটি কার গায়ে উঠবে তা নিয়ে ফুটবলপ্রেমীদের জল্পনা-কল্পনার শেষ নেই।

তবে স্বস্তির বিষয় হলো, ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে ১ থেকে ১১ নম্বর পর্যন্ত নির্দিষ্ট জার্সি পরা বাধ্যতামূলক নয়। এই সুযোগকে কাজে লাগিয়েই কোচ লিওনেল স্কালোনি ও টিম ম্যানেজমেন্ট আপাতত ১০ নম্বর জার্সিটি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী ২০২৭ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো শুরু হলে তখনই নতুন কোনো যোগ্য খেলোয়াড়ের হাতে ১০ নম্বর জার্সি তুলে দিতে পারে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

মেসির উত্তরসূরি হিসেবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি যে নামটি আলোচিত হচ্ছে, তিনি উদীয়মান তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর জার্সিতে দুর্দান্ত ফর্মে থেকে নিজের জাত চেনাচ্ছেন এই তরুণ। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে লেন্সের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি।

শুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের সর্বশেষ আন্তর্জাতিক বিরতি থেকেও দারুণ ছন্দে ছিলেন পাজ। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে টানা তিন প্রীতি ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই তরুণ তুর্কি। বিশেষ করে বলিভিয়ার বিপক্ষে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছিলেন তিনি। কিংবদন্তি মেসির প্রতি তার রয়েছে অগাধ শ্রদ্ধা। সবমিলিয়ে ভবিষ্যৎ আলবিসেলেস্তেদের ১০ নম্বর জার্সির সবচেয়ে বড় দাবিদার হিসেবে পাজকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা।

নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ তার সতীর্থ ভ্যালেন্তিন বারকোও। সংবাদমাধ্যমে পাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বারকো বলেন, ‘নিকোর খেলার স্টাইল আমার ভীষণ ভালো লাগে। ওর খেলার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। আমি সত্যি খুব আশা করি এবং চাই যে, ও-ই যেন ভবিষ্যতে ১০ নম্বর জার্সিটা পায়।’

অবশ্য এই মর্যাদাক্রমের লড়াইয়ে শুধু নিকো পাজ একা নন, তালিকায় আরও বেশ কজন নামী তারকার নাম ঘুরেফিরে আসছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং তরুণ সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

এর আগে আর্জেন্টিনার ঘরোয়া বিভিন্ন ক্লাব ও ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর অভিজ্ঞতা রয়েছে লিভারপুল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের। এছাড়া মাঝমাঠে দারুণ সৃজনশীল ফুটবলের জন্য সুপরিচিত চেলসি তারকা এনজো ফার্নান্দেজও রয়েছেন এই দৌড়ে।

আর বর্তমান স্কোয়াডের মধ্যে একমাত্র ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরই অফিশিয়াল ম্যাচে মেসির ১০ নম্বর জার্সি পরে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইকুয়েডরের গুয়ায়াকিলে খেলা সেই ম্যাচে তার পিঠেই ছিল এই জার্সি।

সবমিলিয়ে, লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে কার গায়ে সেই কাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সি উঠবে, তার উত্তর জানতে ফুটবলপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]