শুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারান করণ জোহর

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৩০ , অনলাইন ভার্সন
বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরকে আলোচনার কমতি নেই। কিন্তু এই আলোচনা-সমালোচনার মধ্যেও বলিউডকে বেশ কয়েকটি সুন্দর সিনেমা উপহার দিয়েছেন এই নির্মাতা। এরইমধ্যে বলিউড ইতিহাসের অন্যতম কালজয়ী সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রতিটি গান আজও মানুষের মুখে যেন অতি পরিচিত। 

তবে এই সিনেমার জনপ্রিয় গান ‘বোলে চুড়িয়াঁ’-র শুটিং চলাকালীন চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছিল সেটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা নিখিল আদভানি জানান, শুটিংয়ের চাপে সেটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরিচালক করণ জোহর। শুক্রবার (১৭ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

করণ চেয়েছিলেন গানটিকে রাজকীয় রূপ দিতে উল্লেখ করে নিখিল আদভানি জানান, গানটির সেট ছিল বিশাল। সেই লক্ষ্যে সেটে বসানো হয়েছিল বিশালাকার সব ঝাড়বাতি। এসময় সঙ্গে ছিল ২০০ জন পেশাদার নৃত্যশিল্পী এবং ৩০০ জন জুনিয়র আর্টিস্ট। এই বিশাল আয়োজনের চাপ সামলাতে গিয়েই ঘটলো বিপত্তি। শুটিং চলাকালীন হুট করেই জ্ঞান হারান করণ জোহর।

এদিকে পর্দার সামনে অভিনেতা-অভিনেত্রীদের হাসিখুশি দেখালেও, পর্দার পেছনের গল্পটা বেশ কষ্টের ছিল। বিশেষ করে অভিনেত্রী কাজলের জন্য সময়টা ছিল নিদারুণ যন্ত্রণার। 

সেই সময় ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন কাজল। শুটিং চলাকালীন তার গর্ভপাত হয়েছিল বলেও উল্লেখ করেন নিখিল।

প্রতিবেদনে বলা হয়, একদিকে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদ, অন্যদিকে ‘লেহেঙ্গা’ পরে নাচের কঠিন কোরিওগ্রাফি সব মিলিয়ে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল কাজলকে। যদিও পরবর্তীতে এই ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। বাজেটের দিক থেকেও সেই সময়ের তুলনায় অনেক ব্যয়বহুল ছবিটি ছিল। 

উল্লেখ্য, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশন ও করিনা কাপুর অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১১৯.২৯ কোটি রুপি আয় করেছিল। এই ছবির আরও একটি চমক ছিল শাহরুখ-পুত্র আরিয়ান খান। সিনেমার শুরুতে রাহুলের (শাহরুখ) ছোটবেলার চরিত্রে তাকেই দেখা গিয়েছিল। এছাড়াও কৌতুকাভিনেতা জনি লিভার ও তার ছেলে জেসি লিভারকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]