গার্মেন্টস শ্রমিকরা কাজে ফিরেছেন, ফ্যাসিস্টদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ , অনলাইন ভার্সন
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা কর্মস্থলে ফিরে এসেছেন এবং শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কারণে এ শিল্পের প্রতি বিএনপির দরদ সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে পোশাকশিল্পের সাম্প্রতিক আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকরা কাজে ফিরে গেছেন এবং ফ্যাসিস্টদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা চলছিল, শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে তা সফল হয়নি।

এদিন সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি মিরপুর, গাজীপুর, টঙ্গী, সাভার, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের পোশাক শিল্পাঞ্চলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, যেসব কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে, ছুটি শেষে সেসব কারখানার শ্রমিকরাও দ্রুত কাজে যোগ দেবেন বলে তিনি আশা করছেন।

অন্যদিকে তৈরি পোশাকশিল্পের বিকাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। এ কারণে এই শিল্পের প্রতি বিএনপির দরদ সবচেয়ে বেশি। দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি সব সময় আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।

পোশাক শ্রমিকদের দাবিদাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক। এ জন্য দ্রুততম সময়ে কমিটি গঠন করে কাজ শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনি ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকরা। তবে বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে।

এদিকে মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ফটোসাংবাদিকদের সাহসী ভূমিকার স্বীকৃতি ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী। ফটোসাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথাও জানান তিনি।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]