ইকবাল সোবহান গ্রেপ্তার, ছাড়া পাচ্ছেন রাজীব

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ , অনলাইন ভার্সন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অপরদিকে গোয়েন্দা পুলিশের হাতে আটক ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।  তিনি বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

শফিকুল ইসলাম আরও বলেন, ‘রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা নেই। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।’

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

কী বলছেন ডিবিসিতে কর্মরত সাংবাদিকরা

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক বলেন, ‘ইকবাল সোবহানকে নিয়ে যাওয়ার অনেক পরে আমরা বিষয়টি জানতে পারি। উনি যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন ডিবি আসে। তারা জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায়। কেন নিয়ে যাওয়া হয়েছে, তা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়।’

মুক্তাদির অনিকের ধারণা, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের কোনো মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তিনি বলেন, ডিবিসির পক্ষ থেকে বিষয়টি জানার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ডিবিসিতে কর্মরত এক সংবাদকর্মী জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বোর্ডের সদস্যপদ নিয়ে ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে বিএনপিপন্থী হিসেবে পরিচিত আরেক সদস্যের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে বুধবার ডিবিসি কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ডিবি তাকে নিয়ে যায়।

যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।’

২০১৩ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পান বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্বে ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]