ফেসবুকে ছেলের এইচএসসি পাসের খবর চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির, কমিটি বিলুপ্ত

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২৩:৫৫ , অনলাইন ভার্সন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ছেলের এ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাবা মো. শাহজাহান খান।

এ খবর গণমাধ্যমে প্রকাশের পরই রোববার (১ নভেম্বর) জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

যদিও কেন্দ্রীয় সংসদের বিবৃতিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছেলের সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন শাহজাহান খান। ছেলের ছবিসহ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন- ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান বলেন, দীর্ঘ ৮ বছর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের হাইকমান্ডের নির্দেশনা চূড়ান্ত। আগামীতে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন বলে আশা করছি।

তিনি বলেন, আমার ছেলের এইচএসসি পরীক্ষায় পাস করার বিষয় নিয়ে নানাভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। ছেলের বিষয়টি কারণ হলে আমাকে দল বহিষ্কার করত। দল চুয়াডাঙ্গা এবং মেহেরপুর ২ জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। ছেলে পাস করার বিষয়ে দলের কোনো পদক্ষেপ নয়। এটি গণতান্ত্রিক দল হিসেবে নেতৃত্বকে এগিয়ে নিতে দল সিদ্ধান্ত নিয়েছে। দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]