জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২৩:৪৭ , অনলাইন ভার্সন
খুলনায় লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের ২০ কর্মী আহত হয়েছেন। ৩১ অক্টোবর (শনিবার) রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। এ সময় খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে একটি বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ‘খুলনার লংমার্চ শেষে আসার পথে মৃজাপুর এলাকায় ওই বৃদ্ধাকে বাঁচাতে জামায়াত নেতা-কর্মী থাকা একটি বাস খাদে পড়ে যায়। এ সময় আমাদের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।’

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]