ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২২:২৭ , অনলাইন ভার্সন
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে খুন হয়েছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী আফিয়া আক্তার (৬৮)। এ ঘটনায় হত্যার অভিযোগে তার ছোট ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশের ভাষ্য, ঘুমন্ত মায়ের কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তাহসিন। এতে আফিয়ার মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ শনিবার সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে ছুরিকাঘাত করেন। পরে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পায়। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আফিয়া আক্তারের দুই ছেলে। তাদের মধ্যে বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। ছোট ছেলে তাহসিনের সঙ্গে তিনি ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, বাসা থেকে তাহসিনকে আটক করা হয়। আফিয়া আক্তারকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, তাহসিন আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। তার মানসিক সমস্যা রয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]