‘ওর মতো আর কেউ নেই’, নিককে নিয়ে প্রিয়াঙ্কার পোস্ট

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৫ , অনলাইন ভার্সন
কারওয়া চৌথ উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পাশে থাকতে নিজের ব্যস্ত সফরসূচি সামলে বাড়ি ফিরেছেন নিক জোনাস। স্বামীর এমন উদ্যোগে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

নিককে উদ্দেশ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার মানুষটির মতো আর কেউ নেই।’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে এবার কারওয়া চৌথ উদ্‌যাপন করেছেন প্রিয়াঙ্কা। ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকেও দেখা যায়।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে প্রিয়াঙ্কা জানান, তাকে কিছু বলতে হয়নি, নিক নিজেই বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। কারওয়া চৌথ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝে নিক নিজের কনসার্ট সফরের সূচি এমনভাবে সাজিয়েছেন, যেন এই দিনে পরিবারের সঙ্গে থাকতে পারেন। স্বামীর এমন ভালোবাসার প্রশংসা করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার মানুষটির মতো কেউ নেই। এমন ভালোবাসা সবার জীবনেই আসুক।
 
এদিন লাল রঙের শারারা পরেছিলেন প্রিয়াঙ্কা। তার শেয়ার করা ছবিগুলোর একটিতে নিককে মেয়ে মালতির ছোট জুতা দিয়ে মুখ আড়াল করতে দেখা যায়। অন্য একটি ছবিতে কারওয়া চৌথের ঐতিহ্যের সঙ্গে জড়িত মঙ্গলসূত্রসহ নিজের কিছু অনুষঙ্গও তুলে ধরেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কার পোস্টে ভক্ত ও অনুসারীদের কাছ থেকে অসংখ্য ভালোবাসার মন্তব্য এসেছে। একজন লিখেছেন, নিক যেভাবে প্রিয়াঙ্কার সংস্কৃতিকে সম্মান করেন, সমর্থন করেন এবং তার অংশ হয়ে ওঠেন, তা সত্যিই সুন্দর।

আরেকজন মন্তব্য করেছেন, বিদেশে থাকলেও প্রিয়াঙ্কা নিজের শিকড় ভুলে যাননি।
বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে ‘বার্নিং আপ ট্যুর অল ওভার অ্যাগেইন’-এ ব্যস্ত রয়েছেন নিক। গত ২০ আগস্ট নিউইয়র্ক থেকে শুরু হওয়া এই সফর চলবে ডিসেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে তাদের কনসার্ট হওয়ার কথা রয়েছে।
 
২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যা মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।

কাজের দিক থেকে, এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]