ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ , অনলাইন ভার্সন
ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। ‘স্টার ট্রেক : দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্যাট্রিক স্টুয়ার্টের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পরিবারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভোগার পর তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় স্ত্রী সানি ও পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। পরিবার ও বন্ধুদের সান্নিধ্যে, সংগীত, প্রার্থনা, কান্না ও হাসির মধ্য দিয়ে জীবনের শেষ সময় কাটান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, তার শান্ত ও প্রশান্ত মুখচ্ছবি পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয়জীবন ছয় দশকেরও বেশি সময়ের। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। বিশেষ করে বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ‘স্টার ট্রেক : দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।

পরে ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। দীর্ঘ সময় ধরে চরিত্রটিতে অভিনয়ের মাধ্যমে মার্ভেলের অন্যতম পরিচিত মুখে পরিণত হন তিনি।

২০১০ সালে নাট্যশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ব্রিটিশ রাজপরিবার ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। তার মৃত্যুতে চলচ্চিত্র ও বিনোদনজগতের অনুরাগীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]